ঘিওরে অবৈধভাবে বালু উত্তোলন, ৫ ড্রেজার মেশিন জব্দ

ঘিওর, মানিকগঞ্জ,প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওরে দুটি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত ৫টি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দ করেছেন। রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে উপজেলার বানিয়াজুরি ইউনিয়নের উত্তর তরা এলাকার কালীগঙ্গা নদী থেকে ২টি, পুরাতন ধলেশ্বরী নদীর বাসুদেব বাড়ি এলাকা থেকে থেকে ১ টি, নিলুয়ার বিল ও বড়কুষ্টিয়া এলাকা থেকে একটি করে মোট ৫টি ড্রেজার মেশিন জব্দ করা এবং বিপুল পরিমাণ পাইপ ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। অভিযানের সময় ড্রেজার মালিক- শ্রমীকরা পালিয়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, কিছু অসাধু ব্যক্তিরা প্রশাসনকে ফাঁকি দিয়ে বিভিন্ন নদী ও বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছেন। ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে নদীর বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার মেশিন ও বিপুল পরিমাণ পাইপ গুঁড়িয়ে বিনষ্ট করে দেয়া হয়েছে। নদী ভাঙন প্রতিরোধ ও কৃষি জমি সুরক্ষায় উপজেলা
প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।




