ঘিওরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি ঘিওর, মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯ টার দিকে ঘিওর থানার পুলিশ ওই যুবকের ঘর থেকে মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় বড়টিয়া ইউপি চেয়ারম্যান শামসুল হক রওশন। নিহতের নাম বুলবুল আহমেদ (২৪)। সে উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি (মঠের পাড়) গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বুলবুল কয়েকদিন ধরে মোবাইল কেনার জন্য ত্রিশ
হাজার টাকা চায় তার পিতা মাতার কাছে। কিন্তু রাজমিস্ত্রি দিনমজুর পিতার পক্ষে একসাথে এতগুলো টাকা দেওয়া সম্ভব হয় না। পরে বুলবুলের মা রোজিনা বেগম বুলবুলকে আশ্বস্ত করে বলেন ১৫ দিন পর কিস্তি উঠিয়ে তাকে মোবাইল কিনে দেবে। কিন্তু এতে সন্তুষ্ট হয় না বুলবুল। মোবাইল কেনার টাকা না পেয়ে মায়ের সাথে অভিমান করে নিজের ঘরের আড়ার সাথে দড়ি পেঁচিয়ে ফাঁস
নেয় সে। নিহত বুলবুল চলতি বছরের শুরুর দিকে বিয়ে করেন এবং তার স্ত্রী সন্তান সম্ভবা। এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা ঘিওর থানার এসআই আশাদুর রহমান বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের দেয়া সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই এবং ওই যুবকের মরদেহ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে পরিবারের সদস্যদের সাথে অভিমানে ছেলেটি আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।



