ধামরাইয়ে চুরি করতে গিয়ে হাত পা বেঁধে বিধবাকে ধর্ষণ, গ্রেপ্তার ১

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে সিঁদ কেটে ঘরে ঢুকে চুরি করতে গিয়ে এক বিধবাকে হাত-পা ও মুখ বেঁধে ধর্ষণের পর নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার মূল অভিযুক্ত সাইজুউদ্দিনকে (৫০) আটকের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পরে গতকালই তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। তবে তার অপর তিন সহযোগি এলাকা থেকে গা ঢাকা দিয়েছে। ঘটনাটি ঘটেছে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নে দুনীগ্রাম এলাকায়। গ্রেপ্তারকৃত সাইজুদ্দিন একই এলাকার পাচু খার ছেলে।
অভিযোগ ও ভুক্তভোগির পরিবার সুত্রে জানা গেছে, ধামরাইয়ের দুনীগ্রাম এলাকার সাইজুদ্দিন আরও তিনজন সহযোগি নিয়ে চুরি করার জন্য গত রোববার রাতে একই এলাকার এক বিধবার ঘরে সিঁদ কেটে ভেতরে প্রবেশ করে। এসময় ওই বিধবার হাত-পা ও মুখ বেধে সাইজুদ্দিন ধর্ষণ করেন এবং তার অপর সহযোগিরা ওই বিধবার ঘর থেকে জমি বিক্রির নগদ ১ লাখ টাকা ও এক ভরি ওজনের স্বর্ণালংকার লুটে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন হাত-পা ও মুখ বাধা অবস্থায় ঘরের ভেতর ওই বিধবাকে দেখতে পান। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঘটনা বিস্তারিত জানার পর স্থানীয় গ্রামবাসী গতকাল মঙ্গলবার সকালে ধাওয়া করে প্রধান অভিযুক্ত সাইজুদ্দিনকে আটকের পর পুলিশে সোপর্দ করেন। তবে তার অপর তিন সহযোগি পলাতক রয়েছে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ বদিউজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাইজুদ্দিন বিধবাকে ধর্ষণের কথা স্বীকার করেছে। তাকে গতকাল মঙ্গলবারই আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগির শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।




