slider

নওগাঁয় হাসপাতাল থেকে অজ্ঞাত নবজাতক উদ্ধার

কাজী কামাল হোসেন,নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর আধুনিক হাসপাতালের নতুন ভবনের সিঁড়িতে পড়ে থাকা এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে নবজাতককে উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার রাতে হাসপাতালের সিঁড়িতে মানুষের চেঁচামেচি শুনে এগিয়ে যান হাসপাতালের দায়িত্বরত ওয়ার্ড বয় রাজু হোসেন। সেখানে দেখতে পান সিঁড়িতে এক নবজাতক কান্না করছে। লোকজন তাকে ঘিরে রেখেছে, এমন অবস্থায় শিশুটি কোলে তুলে নেন ওয়ার্ড বয়। শিশুটি অজ্ঞাত হওয়ায় তাকে শিশু ওয়ার্ডে নিজের নামে ভর্তি করান রাজু।
হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মোছা. মুনিরা জান্নাত বলেন, দায়িত্বরত ওয়ার্ড বয় রাজু শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তার অক্সিজেন স্বল্পতায় ছিল আমরা দ্রুত অক্সিজেনের ব্যবস্থা গ্রহণ করি এবং শিশু ডাক্তার এসে তাৎক্ষণিক শিশুটির চিকিৎসা সেবা ও ওষুধপত্র লিখে দিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. ফজলুল হক বলেন, শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। শিশুটি সুস্থ আছে। সার্বক্ষণিক তার দেখভাল করার জন্য লোক রাখা হয়েছে।
এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল বলেন, হাসপাতালে এক অজ্ঞাত নবজাতক শিশু উদ্ধারের বিষয়টি জেনে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠিয়েছি। এই বিষয়ে কাউকে এখনও শনাক্ত করা যায়নি। হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে অজ্ঞাত শিশুর পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button