রংপুরে বিচারক স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা দায়ের

রংপুর ব্যুরো : রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক দেবাংশু কুমার সরকারের বিরুদ্ধে স্ত্রী ডা. হৃদিতা সরকারের যৌতুকের কারণে নির্যাতনের মামলা গ্রহণ করেছেন আদালত।
আজ রোববার দুপুরে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর বিচারক মো. মোস্তফা কামাল শুনানি শেষে মামলাটি গ্রহণ করেন।
এর আগে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মো. রোকনুজ্জামানের আদালতে মামলাটি গ্রহণের আবেদন করেছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) খন্দকার রফিক হাসনাইন। এসময় বিচারক শুনানির জন্য দিন ধার্য করেন।
বিষয়টি নিশ্চিত করে সরকার পক্ষের আইনজীবী খন্দকার রফিক হাসনাইন জানান, মামলার বাদী হৃদিতা সরকার আদালতে উপিস্থিত ছিলেন। তার জবানবন্দি গ্রহণ করেন আদালত। আমরা মামলা গ্রহণের আর্জি জানালে আদালত তা মঞ্জুর করেন।
সরকার পক্ষের অপর আইনজীবী জাহাঙ্গীর আলম তুহিন জানান, মামলাটি রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত-১ এর। ওই আদালতের বিচারক ছুটিতে থাকায় দুদফা আবেদন শুনানি পিছিয়েছিল।
অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ১১ মে চিকিৎসক হৃদিতা সরকারের সঙ্গে বিচারক দেবাংশু কুমার সরকারের বিয়ে হয়। বিয়ের আসরেই ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন দেবাংশু ও তার পরিবারের লোকজন। তাৎক্ষণিক বিয়ে ভাঙার উপক্রম হয়। তবে স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।
অভিযোগে বলা হয়, বিয়ের কিছুদিনের মধ্যেই নতুন গাড়ি কেনার জন্য আবারও যৌতুক দাবি করে নানা ধরনের চাপ দিতে থাকেন দেবাংশু। এর জেরে বিভিন্ন সময় তাকে (হৃদিতা) নির্যাতন করা হয়। এরপর হৃদিতা তার বাবার বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে অবস্থান করেন। এর মধ্যে জানতে পারেন দেবাংশু কুমার দ্বিতীয় বিয়ে করেছেন। বিষয়টি প্রধান বিচারপতি, সচিব ও আইন মন্ত্রণালয়ে লিখিতভাবে জানানো হয়। ১৭ এপ্রিল কোতোয়ালি থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে আবেদন করার পরামর্শ দেয়।




