বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ‘পার্বত্যরত্ন’ উপাধি পেলেন বীর বাহাদুর এমপি

বান্দরবান প্রতিনিধি : বান্দরবান ৩০০নং সংসদীয় আসনে ৩০ বছর ধরে অবিচ্ছিন্নভাবে অবস্থান ধরে রাখা, বান্দরবানসহ পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা, পার্বত্য শান্তিচুক্তি ও এর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, পার্বত্য এলাকায় শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার উন্নয়নসহ বিভিন্নভাবে পার্বত্য এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ‘পার্বত্য রত্ন’ খেতাবে ভূষিত হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ মানেই বাংলাদেশ, আওয়ামী লীগ মানেই বাংলাদেশ। আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নয়নের দিকে যাচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে এটা আমার এবং আমাদের জন্য গর্বের বিষয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদ্যাপন ও বীর বাহাদুরকে‘ পার্বত্যরত্ন’ উপাধী দেয়া উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামীলীগ আয়োজিত অনুষ্ঠানে বীর বাহাদুর এসব কথা বলেন। শহরের রাজার মাঠে গতকাল বিকালে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
বীর বাহাদুর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। যুবলীগের কেন্দ্রীয় সদস্য ছিলেন। জেলা আওয়ামী লীগের বিভিন্ন পদে আসীন ছিলেন।
বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের এক নম্বর সদস্য। বীর বাহাদুরের হাত ধরেই বান্দরবান তথা তিন পার্বত্য জেলার ব্যাপক উন্নয়ন হয়েছে বিগত ৩০ বছরে। এজন্য বান্দরবান জেলা আওয়ামী লীগ বীর বাহাদুরকে গত বৃহস্পতিবার অনুষ্ঠানে ‘পার্বত্য রত্ন’ উপাধীতে ভূষিত করেন।
বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্্লা’র সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, সহ-সভাপতি কাজল কান্তি দাশ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, প্রচার সম্পাদক সাদেক হোসেন চৌধুরী প্রমুখ। এর আগে রাজার মাঠে অনুষ্ঠানস্থলে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর জাতীয় পতাকা ও জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা দলের পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।




