প্রতিবন্ধী দম্পতিকে ঘর দিলেন “সেভ হিউম্যান লাইফ”

নাটোর প্রতিনিধি : প্রতিবন্ধী দম্পতি জিল্লুর রহমান ও আশা খাতুন। অভাব অনটনের সংসার। কোন রকমে পরিবার নিয়ে জীবন কাটিয়ে দিচ্ছিলেন ভাঙ্গা একটি ঘরে। বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের বিলকাঠর গ্রামে। প্রতিবন্ধী দম্পতির দুর্ভোগের চিত্র দেখতে পায় ওই এলাকার শিক্ষার্থী আব্দুল কাদের বিপ্লব। বিপ্লব পেশায় শিক্ষার্থী। পাশাপাশি “সেভ হিউম্যান লাইফ” নামের একটি স্বেচ্ছাসেবি সংগঠনের বিভাগীয় পরিচালক।
শিক্ষার্থী বিপ্লব প্রতিবন্ধী দম্পতির বাড়িতে এসে সার্বিক খোঁজ খবর নিয়ে তার সংগঠনের কাছে পেশ করেন। সংগঠন থেকে ৫ই মার্চ শনিবার ওই দম্পতিকে “সেভ হিউম্যান লাইফ” এর পক্ষ থেকে একটি টিনশেডের ঘর ও একটি গাভি তুলে দেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই ঘর ও গাভি প্রতিবন্ধী দম্পতির কাছে হস্তান্তর করেন গুরুদাসপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মশিন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারীসহ সংগঠনের কর্তৃপক্ষ।
প্রতিবন্ধী দম্পতি সেভ হিউম্যান লাইফ এর সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।#




