অপরাধশিরোনাম

কানাডা প্রবাসী স্বামী ফেরার ৫ দিনের মাথায় লাশ হলেন ঢাবি ছাত্রী

রাজধানীতে ইলমা চৌধুরী মেঘলা (২৬) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শেষ বর্ষের ছাত্রী।
এ ঘটনায় তার স্বামী ইফতেখারকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
মৃত ইলমার খালু ইকবাল হোসেন জানান, ইলমা ঢাকার ধামরাই উপজেলার সাইফুল ইসলামের মেয়ে। বর্তমানে কানাডা প্রবাসী স্বামী ইফতেখারকে নিয়ে বনানীর একটি বাসায় থাকতেন।
তিনি আরো জানান, গত ছয় মাস আগে কানাডা প্রবাসী ইফতেখারের সঙ্গে তার বিয়ে হয়। গত পাঁচদিন আগে তার স্বামী কানাডা থেকে ঢাকার বাসায় আসেন। মঙ্গলবার ইলমা আত্মহত্যা করেছেন বলে জানান তার শ্বশুর বাড়ির লোকজন।
ইকবাল অভিযোগ করে বলেন, আমার ভাগ্নিকে তার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন মেরে ফেলেছেন। আমরা এর বিচার চাই। ইলমার শরীরে আমরা অনেক আঘাতের চিহ্ন দেখতে পেয়েছি। গলায়ও আঘাতের চিহ্ন দেখেছি। ইলমা আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, বিকেলে খবর পেয়ে ইউনাইটেড হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের গলায় দাগসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে।
ওসি আরো জানান, এছাড়াও মৃতের পরিবারের লোকজন অভিযোগ করেছেন, তাকে হত্যা করা হয়েছে। মৃত ইলমার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button