ধামরাই পৌরসভায় শুরু হচ্ছে ২৪ কোটি টাকার উন্নয়ন কাজ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাই পৌরসভায় খুব শিগগির ২৪ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে পাইপ ড্রেনসহ রাস্তার উন্নয়ন কাজ শুরু হচ্ছে। এ নিয়ে গতকাল সোমবার পৌরসভার সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশন ওয়ার্কসপ অন কন্ট্রাক ম্যানেজমেন্ট সেকেন্ড সিটি রিজিয়ন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিআরপি-২) এর আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবিবের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর একেএম নাজিউল্লাহ চৌধুরী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেনসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
পৌর মেয়র গোলাম কবির বলেন, মেসার্স এমসিএলসি কনসুটিয়াম নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে ২৪ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে ধামরাই বাজার হতে কাগুজিপাড়া ব্রিজ, সাহেব আলীর রাইচ মিল হতে টেকপাড়া পর্যন্ত, কালিয়াগার প্রতিভা বিকাশ স্কুল হতে ঢাকা-আরিচা মহাসড়ক পর্যন্ত ও বাটা সু কোম্পানি হতে ছয়বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে বংশী নদী পর্যন্ত পাইপ ড্রেনসহ রাস্তা নির্মাণ কাজ শুরু হচ্ছে। এতে পৌরবাসী দীর্ঘদিনের দুর্ভোগ থেকে পরিত্রাণ পাবে।




