গোপালপুরে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সংবাদদাতা : টাঙ্গাইলের গোপালপুরে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে খলিল মিয়া (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি গোপালপুর উপজেলার ডুবাইল আটাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে।
নিহত খলিল বিদ্রোহী প্রার্থী ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিনের সমর্থক বলে জানা গেছে।
সোমবার রাত ৮টার দিকে উপজেলার ভুয়ারচক পেট্রোলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষের সময় একটি গাড়ি ও বিদ্রোহী প্রার্থীর বাসাবাড়ি ও দোকাপাটে ভাঙচুর করা হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গোপালপুর থানার ওসি মোশাররফ হোসেন জানান, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রকিবুল হক ছানার নির্বাচনী প্রচারণায় জেলা আওয়ামী লীগের একটি দল সোমবার সন্ধ্যার দিকে গোপালপুরে পৌঁছান। তারা থানার মোড়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন ও তার সমর্থকরা ওই এলাকায় পৌঁছলে উভয় প্রার্থীর সমর্থকদের সাথে হাতাহাতি হয়।
এ ঘটনার জেরে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা নৌকা প্রতীকের একটি নির্বাচনী অফিস ভাঙচুর করেন। পরে নৌকা প্রতীকের সমর্থকরা গিয়াস উদ্দিনের বাসায় ও তার ভাইয়ের দোকানে হামলা চালান।
গিয়াস উদ্দিনের গ্রাম ডুবাইলে এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকেরা মিছিল নিয়ে উপজেলা সদরের দিকে রওনা হন। পথে ভুয়ারচক এলাকায় তাদের উপর নৌকা প্রতীকের সমর্থকরা হামলা করেন। এ সময় খলিল মিয়া মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আলরাজি বলেন, হাসপাতালে আসার আগেই তার (খলিল) মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি গোপালপুর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রকিবুল হক ছানা। বিদ্রোহী প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খন্দকার গিয়াস উদ্দিন। এ ছাড়া বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এবং স্বতন্ত্র প্রার্থী শাহজাহান প্রতিদ্বন্দ্বিতা করছেন।




