রাঙ্গামাটির ফুরোমোন পাহাড়ে হারিয়ে যাওয়া ৬ শিক্ষার্থীকে উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গিয়ে ফুরোমোন পাহাড়ের আরোহনের পর হারিয়ে যাওয়া ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রাঙ্গামাটি শহরে এসে ক্যাম্পিংয়ের জন্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ফুরোমোন পাহাড়কে বেছে নেয় ছয় শিক্ষার্থী বন্ধু। পরিকল্পনা মতো বিকেলে ফুরোমোন পাহাড়ে ক্যাম্পিংয়ের এই দুঃসাহসিক অভিযানের যাত্রা শুরু করে তারা। যাত্রা পথে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ এবং নিজেদের মধ্যে গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে গেছে কেউই টের করতে পারেনি। পাহাড়ে ভ্রমণের পূর্ব অভিজ্ঞতা না থাকা এবং যাত্রাপথ না চেনাসহ বিভিন্ন কারণে নিজেদের মধ্যে অজানা শঙ্কা কাজ করতে থাকে। পরে ওই শঙ্কাই বাস্তবে রূপ নেই সন্ধ্যা নামার সাথে সাথেই। চারদিকে পাহাড় আর পাহাড়, যাত্রাপথ না চেনা, চারদিকে মানুষ জন না দেখে ভয়ে এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য আকুল হয়ে পড়ে শিক্ষার্থীরা।
কোনো পথ খুঁজে না পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দেয় শিক্ষার্থীরা। ৯৯৯-এর মাধ্যমে শিক্ষার্থীদের খবর পেয়ে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদাছ্ছের হোসেন শিক্ষার্থীদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা নেন। রাঙ্গামাটি জেলা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় শিক্ষার্থীদের উদ্ধার করে সেনা ক্যাম্পে রাত যাপনের ব্যবস্থা করা হয়।
শনিবার সকালে শিক্ষার্থীদেরকে সেনা ক্যাম্প থেকে পুলিশ সদর সার্কেল অফিসে নিয়ে আসা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ তাদের এই দুঃসাহসিক অভিযানের বর্ণনা শুনেন। পরে প্রয়োজনীয় পরামর্শ দেন। এ সময় শিক্ষার্থীরা দ্রুততার সাথে ৯৯৯-এর মাধ্যমে পুলিশি সেবা পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




