Uncategorized

শেরপুরে মোবাইলে চাঁদা দাবী ও হত্যার হুমকির অভিযোগে পুলিশের হাতে আটক কলেজ ছাত্র

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলায় মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে অভিনব কায়দায় প্রতারণা, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে শরিতুল ইসলাম শিপ্ত (১৯) নামের এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে নকলা থানা পুুলিশ । গ্রেফতারকৃত শিপ্ত উপজেলার ২নং নকলা ইউনিয়নের ডাকাতিয়া কান্দা গ্রামের নবিজল হকের ছেলে এবং নকলার সরকারী হাজী জালমামুদ কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র।
ডিগ্রি ১ম বর্ষের ছাত্র হলেও তার প্রতারণা ধরন এবং কৌশল নাটক সিনেমার গল্পের থেকে কোন অংশে কম নয় । মাত্র ১৯ বছর বয়সেই ভারতীয় হিন্দি সিরিয়াল দেখে সে প্রতারণা ও চাঁদাবাজির মত ভয়ঙ্কর পেশায় জড়িয়ে ফেলেছে নিজেকে ।
রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে নকলা থানা পুলিশ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে শরিতুল ইসলাম (শিপ্ত) নামের এই প্রতারক ও চাঁদাবাজকে ।
এসময় তার কাছ থেকে প্রতারণা ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত প্রায় ১১ টি বিভিন্ন মোবাইল কোম্পানির সিম ও ৫ টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর ২০২০ ইং তারিখে নকলা উপজেলার ২নং নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান (সুজা) কে ফোনে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে প্রতারক শিপ্ত । এরপর টাকা না দেওয়ায় চেয়ারম্যানের ছেলেকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। ঐ দিন চেয়ারম্যান হত্যার হুমকি ও চাঁদাবাজির অভিযোগে অজ্ঞাত ব্যক্তির নামে নকলা থানায় (জি.ডি) সাধারণ ডায়েরি করেন ।
অভিযোগ পাওয়ার পর থেকে নকলা থানা পুলিশ সেই মোবাইল নাম্বারের সূত্র ধরে ও প্রযুক্তির সহায়তায় হত্যার হুমকিদাতা ও চাঁদাদাবী করা সেই অজ্ঞাত ব্যাক্তিকে হন্যে হয়ে খুঁজতে থাকে।
অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় এবং দীর্ঘ এক মাস অক্লান্ত পরিশ্রমের পর সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে পুলিশ সন্ধান পায় অজ্ঞাত সেই প্রতারকের।
এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বলেন, প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতারকৃত শিপ্ত কে ধরতে পুলিশের বেশ বেগ পেতে হয়েছে। কারন সে একটি মোবাইল ও একটি সিম নির্দিষ্ট একজন মানুষের জন্য ব্যবহার করতো । এরপর তা আবার বন্ধ করে ফেলত । সেই সিম ও মোবাইল দিয়ে অন্য কাউকে ফোন দিত না।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুশফিকুর রহমান বলেন, ২ নং নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান (সুজা) কে চাঁদা দাবি ও তার ছেলেকে হত্যার হুমকির অভিযোগের প্রেক্ষিতে আজ দুপুরে প্রতারক শিপ্ত কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button