
দীর্ঘ এক বছর কারাবন্দী থাকার পর দৈনিক সংগ্রামের বর্ষীয়ান সম্পাদক আবুল আসাদ গতকাল মুক্তি পেয়েছেন। হাইকোর্ট থেকে জামিনের পর গতকাল রাতে কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি। আসাদ শারীরিকভাবে খুবই অসুস্থ।
২০১৯ সালের ১৪ ডিসেম্বর বড় মগবাজারের দৈনিক সংগ্রামের কার্যালয় থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়। জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশের পর দিন গত বছরের ১৩ ডিসেম্বর বিকাল থেকে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ ব্যানারে কয়েকজন যুবক দৈনিক সংগ্রামের কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে তারা পত্রিকাটির অফিসের ফটকে তালা ঝুলিয়ে ও পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ জানান এবং এক পর্যায়ে পত্রিকা অফিসে হামলা চালায়। সম্পাদককে গ্রেপ্তারসহ পত্রিকাটির প্রকাশনা বন্ধের দাবি করে তারা। সে দিন সন্ধ্যা ৭টার দিকে সংগ্রামের কার্যালয় থেকে সম্পাদক আবুল আসাদকে হেফাজতে নেয় হাতিরঝিল থানা পুলিশ। ১৪ ডিসেম্বর আদলতে হাজির করার পর তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে আবুল আসাদকে ১৮ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ’র আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হলে গত ১১ মে হাইকোর্টে আবেদন করেন আবুল আসাদ।তখনও জামিন হয়নি।২৩ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে জামিন দিলে চেম্বার জজ সেই জামিন স্থগিত করে। পরে গত সপ্তাহে তিনি আবারো জামিন পান।



