
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থানে আত্মদান কারীদের স্মরণে কটিয়াদীতে, “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে কটিয়াদী জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা অংশ নেন। চলচ্চিত্র প্রদর্শনী চলাকালীন, এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, এ সময় জুলাইয়ের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করেন।
কটিয়াদী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ২রা আগস্ট শনিবার দুপুরে কটিয়াদী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আসমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা কর্ম সম্পাদন সদস্য জামাল উদ্দিন, ডেভেলপমেন্ট ফর সোসাইটি (ডি পি এস) এর চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


