Uncategorized

ঘিওরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪

নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ: ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওরের তরা বাসষ্ট্যান্ডের কাছে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়েসহ ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার ভোর সাড়ে ৬ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন মানিকগঞ্জের সদর উপজেলার নবগ্রামের জিন্নত আলীর স্ত্রী শেফালী বেগম (৫০) ও তার মেয়ে নারগিস আক্তার (৩০), সদর উপজেলার নবগ্রামউনিয়নের বেরকাটা গ্রামের আক্কাছ আলীর ছেলে মিজানুর রহমান (৩০) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা গ্রামের পরাণ রাজবংশীর ছেলে শুকলাল রাজবংশী (৪৮). তারা সবাই দুর্ঘটনা কবলিত পিকআপের যাত্রী ছিলেন।
ঘিওর থানার উপ পরিদর্শক স্বপন কুমার সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এরপর আহত আরো ২ জন মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পর মারা যান। এছাড়া এ ঘটনায় আরও ৫/৬ জন আহত হয়েছে। ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের (মেট্টো গ ১১-২৫৫৫) সঙ্গে আরিচাগামী যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এই হতাহতের ঘটনাটি ঘটে।
মানিকগঞ্জ সদর ও মন্নু মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানা গেছে, আনিছুর রহমান, ফারুক বিশ্বাস নামে আহত দুই যাত্রীর অবস্থা বেশ আশংকাজনক।
দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল ও মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানিয়ে ওই এসআই আরও জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে পুনরায় স্বাভাবিক হয়।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌল্লা জানান, বাসের সবাই অক্ষত রয়েছেন।ঘটনাস্থল থেকে বাস আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য লাশ নেয়ার প্রক্রিয়া চলছে।
আর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button