৬ দাবিতে রানা প্লাজার শ্রমিকদের বিক্ষোভ

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভার বাসস্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার আহত শ্রমিকদের সেবার লক্ষে সংগঠিত প্রতিষ্ঠান `রানা প্লাজার সার্ভাইভারস এসোসিয়েশন অব বাংলাদেশ’র ব্যানারে শুক্রবার ছয় দফা দাবিতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।
প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক ও রানা প্লাজার ঘটনায় আহত সাদ্দাম হোসেন বলেন, এখানে আমার একটি হাত কাটা যায়, আমি কী পেলাম। দেয়া হলো না চাকরি বা ক্ষতিপূরণ। আমি একজন মাস্টার্স পাস ছেলে তাই বলতে চাই আমাদের ছয় দফা দাবি মেনে না নিলে আরো বড় ধরনের কর্মসূচি দিব।
দফা গুলো হলো, এক জীবনের আয়ের সমান ক্ষতিপূরণ দিতে হবে ৪৮ লাখ টাকা প্রদান, রানা প্লাজার শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, আজীবন চিকিৎসা করাতে হবে আহত শ্রমিকদের ভিতর থেকে প্রতিনিধি রেখে, সকল আসামির বিচারের আওতায় আনতে হবে, আসামিদের সম্পত্তির বাজেয়াপ্তকরে রানা প্লাজার শ্রমিকদের পুনর্বাসন দিতে হবে ও ২৪ এপ্রিলকে শোক দিবস ঘোষণা করতে হবে।
আহত শ্রমিক নিলুফা ইয়াসমিন বলেন, আমার পা কাটতে হবে, চিকিৎসার অভাবে আর কষ্টে আমার সারাক্ষণ কান্না করতে হচ্ছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল ৯টার দিকে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। ওই ঘটনায় এক হাজার ১৩৬ জনের লাশ উদ্ধার করা হয়।




