জাতীয়শিরোনাম

‘৬০ কিমি গতির গাড়ি একসঙ্গে ২০টি বন্দুক চালানোর সমান ভয়াবহ’

৬০ কিলোমিটার গতিবেগে গাড়ি চলা একসঙ্গে ২০টি বন্দুক চলার সমান ভয়াবহ বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিনেতা ইলিয়াস কাঞ্চন।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক র‌্যালি শেষে তিনি এ মন্তব্য করেন।
‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’- এ প্রতিপাদ্য সামনে রেখে এই র‌্যালি হয়। র‌্যালিটি মানিক মিয়া সড়ক প্রদক্ষিণ করে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় গিয়ে শেষ হয়।
এতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, হাইওয়ে পুলিশ, নিরাপদ সড়ক চাই আন্দোলন, বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগসহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয়।
অংশগ্রহণকারীদের পরনে নিরাপদ সড়কের দাবি সম্বলিত নীল রঙের টি-শার্ট এবং মাথায় লাল ক্যাপ ছিল। এছাড়াও প্রায় সবাই সচেতনতামূলক বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে এই র‌্যালিতে যোগ দেন।
র‌্যালি শেষে নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, সড়কে আমাদের সবাইকে সচেতনভাবে চলতে হবে। সবাইকে বুঝতে হবে সড়ক কোনো আনন্দের জায়গা নয়। ৬০ কিলোমিটার গতিবেগে একটি গাড়ি চলা মানে একসঙ্গে ২০টি বন্দুক চলার সমান ভয়াবহ। তাই আমাদের সবাইকে সড়কে অত্যন্ত সচেতনভাবে চলতে হবে। মালিক পরিবহন সমিতিকে তাদের দায়িত্ব পালন করতে হবে। শ্রমিক পরিবহন সমিতিকে তাদের দায়িত্ব নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি আমাদের সবাইকে সচেতন হতে হবে। তবেই আমাদের সড়ক নিরাপদ হবে।
র‌্যালিতে অংশগ্রহণকারী পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি-হাইওয়ে) মাহবুবুর রহমান বলেন, আমাদের লক্ষ্য সড়ককে নিরাপদ ও ঝুঁকিমুক্ত করা। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। আগের চেয়ে আমাদের সবার সচেতনতা অনেক বৃদ্ধি পেয়েছে। কিন্তু আমরা চাই সড়কে যেন আর একটি প্রাণও না ঝরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button