
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে দুই পক্ষের মারামারিতে ৬জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৪জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইউএনও এবং ওসির উপস্থিতিতে পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উভয় পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। বুধবার (২৫.০৬.২৫) সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, বোয়ালমারী পৌর সদরের ছোলনা গ্রামের জব্দুল মোল্যার ছেলে মো. বাবুল মোল্যার নিকট ১৩ মাসের বিদ্যুৎ বিল বাবদ ১৪ হাজার ৬১০ টাকা পাওনা হয় ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির। বুধবার সকাল দশটার দিকে স্থানীয় নির্মাণ শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক বাবুল মোল্যার বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যায় পল্লী বিদ্যুৎ সমিতি বোয়ালমারী জোনাল অফিসের কর্মচারীগণ। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে মারামারি শুরু হয়। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির শাহেদ, জুয়েল, রাসেল, হাবিব এবং বাবুল মোল্যা ও তার ভাই শাহজাহান আহত হয়। পল্লী বিদ্যুৎ এর দুইজন ও বাবুল ও শাহজাহানক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বাবুল মোল্যা অভিযোগ করে বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। শোর চিৎকার শুনে বাইরে গিয়ে পল্লী বিদ্যুৎ এর লোকজনকে দেখতে পাই। তারা আমার ভাইকে মারতে ছিল। তাকে ঠেকাতে এগিয়ে গেলে আমাকেও ঘিরে ধরে মারতে থাকে। বড় রেঞ্জ দিয়ে বাড়ি মেরে আমার মাথা ফাটিয়ে দেয়। গ্রামের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে এসে আমাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। আমরা একটু সুস্থ হলেই মামলা করবো।
বোয়ালমারী জোনাল অফিসের ডিজিএম মো. সাইদুর রহমান বলেন, ১৩ মাসের সাড়ে ১৪ হাজার টাকা বিল বাকি। বিলও পরিশোধ করে না আবার লাইন কাটতেও দেয়না। জুন মাসে আমাদের প্রচুর চাপ। তাই বিল আদায়ে না হয় সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়েছিল। কিন্তু তারা আমাদের লোকজনকে মারপিট করে আহত করে। আহত চারজনের মধ্যে ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ইউএনও এবং ওসি মহোদয়কে সাথে নিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ঘটনায় সমিতির পক্ষ থেকে মামলা করা হবে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী বলেন, সময়মতো বিদ্যুৎ বিল পরিশোধ না করা অন্যায়। আমি গিয়েছিলাম এ নিয়ে আর কোন ঝামেলা যাতে না হয় আর জনগণকে সচেতন করতে। যাতে ভবিষ্যতে এরকম না হয়। অভিযোগ দিলে দোষত্রুটি পুলিশ খুঁজে বের করবে।




