
রতন রায়হান, রংপুর: রংপুর মেট্রোপলিটন পুলিশ আইন ২০১৮ এর ৯৩ ধারায় পরিচালিত এক অভিযানে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা জুয়ার আসর থেকে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করেছে।
সোমবার (০৮ ডিসেম্বর) রাত ১টা ৪৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালিত হয়। থানা সূত্রে জানা যায়, ডিসি ক্রাইমের নির্দেশনায় ও হারাগাছ থানার অফিসার ইনচার্জ আজাদ রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মোবাইল ডিউটিতে থাকাকালীন খবর পান যে কার্তিক (বেঙ্গলস মাঠ) এলাকার জনৈক আশরাফুল ইসলামের বাঁশঝাড়ে জুয়ার আসর বসেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও দুইজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো— মোঃ ফারুক মিয়া (৪৪), পিতা-মৃত ইয়াহিয়া, সাং-আরাজী গুলাল বুধাই। মোঃ আব্দুস ছামাদ (৪২), পিতা-মৃত সুলতান মিয়া, সাং-মহব্বত খাঁ।
উভয়েই হারাগাছ মহানগর এলাকার বাসিন্দা।
অভিযানে জুয়ার আসর থেকে নগদ ৭,০০৫ টাকা এবং ৫২ পিস তাস জব্দ করা হয়। ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে তালিকাভুক্ত করে এসব আলামত জব্দ করা হয়। হারাগাছ থানার নন-এফআইআর প্রসিকিউশন নং-৫৮/২৫, তাং-০৮/১২/২০২৫ খ্রি. অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করে আসামিদের থানায় হেফাজতে রাখা হয়েছে।
ওসি আজাদ রহমান বলেন, “হারাগাছ থানা এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে আমরা সবসময় কঠোর অবস্থানে আছি। এলাকায় যাতে কোনো ধরনের জুয়া বা মাদককারবার চালু না থাকে, সে বিষয়ে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।” পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।




