আন্তর্জাতিক সংবাদ

হামলা চালাতে পরমাণু ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরিয়ার

উত্তর কোরিয়া বুধবার জানিয়েছে, দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সম্ভাব্য পরমাণু হামলার মহড়া হিসেবে তারা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উন ব্যক্তিগতভাবে এ উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন।
জাতিসংঘের বিদ্যমান প্রস্তাব লঙ্ঘন করে পিয়ংইয়ং মঙ্গলবার তিনটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা মোতায়েনের পরিকল্পনার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতেই তারা এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া পিয়ংইয়ংয়ের দু’টি স্কাড ক্ষেপণাস্ত্র ও একটি মাঝারি পাল্লার রদং ক্ষেপণাস্ত্র পরীক্ষার তীব্র নিন্দা জানিয়েছে। এক্ষেত্রে তারা ঐক্যবদ্ধ কূটনৈতিক জবাব দেয়ারও অঙ্গীকার করেছে।
উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানায়, কিম জং-উন এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর নির্দেশ দেন এবং ব্যক্তিগতভাবে উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন। এসব ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, দু’টি স্কাড ক্ষেপণাস্ত্র ৫ শ’ থেকে ৬ শ’ কিলোমিটার পথ অতিক্রম করে জাপান সাগরে পড়ে। এ দু’টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর প্রায় এক ঘন্টা পর রদংয়ের পরীক্ষা চালানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button