sliderস্থানিয়

স্থানীয়দের ফাঁদে ধরা পড়লো পদ্মার শাখা নদীর সেই কুমির

নাসির উদ্দিন, হরিরামপুর প্রতিনিধি : মানিকগঞ্জের পদ্মার এক শাখা নদীতে প্রায় এক মাস ধরে আতঙ্কের নাম ছিল একটি কুমির। সেই কুমিরই অবশেষে ধরা পড়েছে স্থানীয়দের তৈরি ফাঁদে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাটা এলাকা থেকে কুমিরটি আটক করা হয় বলে জানান হরিরামপুর উপজেলা বনকর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

বনকর্মকর্তা শরিফুল বলেন,“হরিরামপুর উপজেলার ধুলসুরা ও হারুকান্দি ইউনিয়নের কয়েকটি গ্রাম ও সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের নদীতে দেখা কুমিরটি স্থানীয় কয়েকজন যুবক আটক করেছে।”

কুমির ধরার কাজে অংশ নেন স্থানীয় যুবক রাহাত, অন্তর, রাকিব, আল আমিন, সুরুজ ও শাহিন।

তারা বলেন, প্রায় এক মাস আগে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চরবংখুড়ি ও হরিরামপুর উপজেলার পদ্মার শাখা নদীর বোয়ালী, আইলকুন্ডি, খামারহাটি ও হারুকান্দি ইউনিয়নের তন্ত্রখোলা এলাকায় কুমিরটি কয়েকবার দেখা যায়।

এতে নদীপাড়ের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে নদীতে নামা বন্ধ করে দেন।

মানুষকে আতঙ্ক থেকে মুক্তি দিতে দীর্ঘদিন তারা কুমিরটির অবস্থান পর্যবেক্ষণ করছিলেন। শুক্রবার সকাল থেকে তারা ওই এলাকায় কুমিরটি দেখতে পান।

পরে রাত সাড়ে ৮টার দিকে চৌকিঘাটা এলাকায় কুমিরটি পানির উপরে ভেসে উঠলে তারা দড়ির ফাঁদ পেতে সেটিকে ধরতে সক্ষম হন।

কুমিরটি লম্বায় প্রায় ১২ ফুট বলে জানান এই যুবকরা।

বনকর্মকর্তা শরিফুল বলেন, “খবর পেয়ে ঢাকা থেকে উদ্ধারকারী কর্মকর্তারা রওয়ানা হয়েছেন। তারা কুমিরটিকে উদ্ধার করে খুলনা নিয়ে যাবেন। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা শেষে প্রাণীটিকে অবমুক্ত করা হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button