
মোহাম্মদ আলী,মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে নির্ধারিত অফিস সময়সূচি মানছেন না উপজেলা সাব রেজিস্ট্রার কর্মকর্তা এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে সরেজমিনে গিয়ে তার প্রমাণ মিলেছে।
রবিবার (১৯ জুলাই ) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত পরিদর্শনে দেখা যায়, নির্ধারিত সময়ে উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ের কর্মকর্তাকে অফিসে পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিনি সাপ্তাহে ২ দিন অফিস করেন (বুধবার ও বৃহস্পতিবার)।
উল্লেখ্য,জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সময়সূচির প্রজ্ঞাপন অনুযায়ী ৫ এপ্রিল ২০২৬ হতে দেশের সকল সরকারি ও বেসরকারি অফিস সময় সূচি পরিবর্তন আনা হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ আছে,সাপ্তাহিক ছুটি ২ দিন (শুক্রবার ও শনিবার) ও কার্যদিবসঃ রবিবার হতে বৃহস্পতিবার এবং অফিস সময়ঃ সকাল ৯-৪ টা পর্যন্ত। হাসপাতাল ও দমকল বাহিনী ইত্যাদি এই জরুরি পরিষেবাগুলো সময়সূচি আওতার বাহিরে থাকবে।
পরিদর্শনকালে নির্ধারিত সময়ে অফিসে পাওয়া যায়নি উপজেলা সাব রেজিস্ট্রার কর্মকর্তার শারমিন সুলতানা কে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকই বলেন, সাপ্তাহে ২ দিন অফিস করেন এই অফিসের কর্মকর্তা তাও আবার ১২-৩ পর্যন্ত। আবার কোনদিন দেখা যায় ২-৪ পর্যন্ত ও থাকেন।
স্থানীয় ভুক্তভোগী অনেকেই অভিযোগ করেন, হয়রানি আর ভোগান্তির শেষ নেই এ অফিসে।
আমরা সকাল ৯ টার সময় এসে বসে থাকি আর কর্মকর্তা আসেন ১ টার পরে। সময়ের স্বল্পতার জন্য অনেক সময় রেজিষ্ট্রেশন হতে দীর্ঘ সময় লাগে অনেকের ই।
এ বিষয়ে উপজেলা সাব রেজিস্ট্রার কর্মকর্তার শারমিন সুলতানা কে মুঠোফোনে জানতে চাইলে তিনি পরিচয় পাওয়া মাত্রই ফোন কেটে দেন। পরবর্তী একাধিকবার চেষ্টা করলেও কোন পাত্তা পাওয়া যায়নি।
সরকারি অফিসে নির্ধারিত সময়সূচি যথাযথভাবে মানা হচ্ছে কি না, এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, সেবাপ্রার্থীরা সময়মতো কর্মকর্তা না পেলে সরকারি সেবা গ্রহণে ভোগান্তির শিকার হচ্ছেন।




