sliderস্থানিয়

হরিরামপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : গাজীপুরের আলোচিত হত্যাকাণ্ড সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানিকগঞ্জের হরিরামপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে উপজেলা চত্বরে উপজেলা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি, হরিরামপুর উপজেলা শাখার আয়োজনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম মাহির সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির হরিরামপুর উপজেলা শাখার সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি জ. ই. আকাশ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি জামিল বিশ্বাস, এখন টেলিভিশনের মানিকগঞ্জ প্রতিনিধি আসাদ জামান প্রমুখ।

উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদের সঞ্চালনায় বক্তারা আসাদুজ্জামান তুহিন হত্যার সাথে জড়িত অপরাধীদের দ্রুত বিচার আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

উল্লেখ্য, সাংবাদিক তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। এ ঘটনায় শনিবার পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button