
মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রতিনিধি: হরিরামপুরে প্রতারণার মাধ্যমে ইট ব্যবসায়ীর কাছ থেকে এক লাখ ৮৭ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মো: ফারুক হোসেন (৩৫) নামে এক প্রতারককে গ্রেফতার করা সহ আত্মসাৎ করা এক লাখ ৮৭ হাজার টাকাও উদ্ধার করেছেন হরিরামপুর থানা পুলিশ।বিষয়টি নিশ্চিত করেছেন হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন।
গত মঙ্গলবার (৪ আগস্ট) ভুক্তভোগী অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৩ টার দিকে গ্রেফতার হওয়া প্রতারক ফারুককে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ফারুক হোসেন নরসিংদীর পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কাজীর গ্রামের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই প্রতারক নিজেকে শাহীন পরিচয় দিয়ে কয়েকটি মোবাইল নম্বর ব্যবহার করে হরিরামপুর উপজেলার স্বাধীন ইটভাটার পার্টনার সজিব ও ইট ব্যবসায়ী রুবেলদের সাথে কথা বলেন। পরবর্তীতে কথার মাধ্যমে বিশ্বাস অর্জন করে ইট পাঠাতে সম্মত করান। এক পর্যায়ে ইটের মালিকানা দাবি করে প্রতারণার মাধ্যমে ইট বিক্রি করে ১ লাখ ৮৭ হাজার টাকা আত্মসাৎ করেন তিনি।
পুলিশ জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় ঢাকা মহানগর ও নরসিংদী জেলায় অভিযান চালায় পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) নরসিংদীর পলাশ থানার পাঁচরুখী এলাকা থেকে ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, গ্রেফতারের পর তার কাছ থেকে ৩০ হাজার টাকা এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বাবার কাছ থেকে আরো ১ লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে হরিরামপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আফজাল হোসাইন মুঠোফোন বলেন,গেফতারকৃত ফারুক হোসেন একজন পেশাদার প্রতারক।দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের মাধ্যমে প্রতারনা করে টাকা আত্মসাৎ করিয়া জীবিকা নির্বাহ করে। গেফতারকৃত ফারুক হোসেনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।




