
করোনাভাইরাসের (কভিড-১৯) সংক্রমণ রোধে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ না করায় রাজধানীর এলিফ্যান্ট রোডের বহুতল মার্কেট ‘সানরাইজ প্লাজা’ বন্ধ করে দিয়েছে পুলিশ।
বুধবার বেলা ১২টার দিকে মার্কেটটি বন্ধ করে দেওয়া হয় বলে পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এইচ এম আজিমুল হক জানান।
তিনি বলেন, গত দুই দিন মার্কেট পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য বিধি অনুসরণ করতে এবং জীবাণুনাশক স্প্রে টানেল বসানোর জন্য অনুরোধ করা হয়। মার্কেট কর্তৃপক্ষ কথা দিয়েও দুই দিনেও যথাযথ ব্যবস্থা নেয়নি এবং টানেলও বসায়নি। তাই সংক্রমণ রোধে জননিরাপত্তায় সানরাইজ প্লাজা বন্ধ করা হয়।
মার্কেট কর্তৃপক্ষ বা ব্যবসায়ীরা স্প্রে টানেল স্থাপন এবং সরকারের নির্দেশনা অনুসারে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ করলে পুনরায় দোকান খুলতে পারবেন বলে জানান তিনি।




