
পতাকা ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে আজ রাজধানীর বিজয়নগরস্থ বিজয়চত্বরে আমার বাংলাদেশ (এবি পার্টি)-এর উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সভাপতিত্বে এবং এবি যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন, মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, মহানগর দক্ষিণের সদস্য সচিব বারকাজ নাসির আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সহ-সম্পাদক আব্দুর রব জামিল এবং রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন,মুক্তিযুদ্ধের ৫৪ বছর পেরিয়ে গেলেও আমাদেরকে একের পর এক লড়াই চালিয়ে যেতে হচ্ছে। স্বাধীনতা যুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন আমরা আজও পাইনি।
তিনি আরও বলেন,শহীদ জিয়াউর রহমান যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, সেটিও বাস্তবায়িত হয়নি বলেই আজ আমাদের আবার লড়াই করতে হচ্ছে। সেই কারণেই বেগম খালেদা জিয়াকে জেল-জুলুম সহ্য করতে হয়েছে, ওসমান হাদীকে গুলিবিদ্ধ হতে হয়েছে এবং তারেক রহমানকে নির্বাসিত জীবন কাটাতে হচ্ছে।
রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য ও তর্ক থাকবে,এটাই গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু তা সম্মানের সঙ্গে হতে হবে। চরিত্রহনন ও কাদা ছোড়াছুড়ির রাজনীতি বন্ধ করতে হবে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন,নির্বাচনের আগে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। বর্তমান নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিরিয়াস উদ্যোগ আমরা দেখছি না। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত হতাশাজনক।
আগামী নির্বাচনে ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে। শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনা প্রমাণ করে যে তারেক রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এখনও হুমকির মুখে রয়েছেন।
শেষে তিনি বলেন,ভালো ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় দেশের পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান ও এবি পার্টির সহকারী দপ্তর সম্পাদক আব্দুল হালিম নান্নু, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



