
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : সৌদি আরবে ইরানের মিসাইল হামলায় নিহত, কিশোরগঞ্জ জেলার কটিয়াদীর বাচ্চু মিয়ার বাড়িতে সরকারি সহায়তা নিয়ে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
১৭ মার্চ মঙ্গলবার বিকেলে উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে নিহত বাচ্চুর বাড়িতে সরকারি সহায়তা পৌঁছে দেন ও পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকাহত পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। এ সময় নিহত বাচ্চু মিয়ার মা ফাতেমা বেগম ও স্ত্রী জ্যোৎস্না বেগম, নিহত বাচ্চু মিয়ার মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনার দাবী জানান। মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর তারেক রহমানের পক্ষ থেকে নিহত বাচ্চু মিয়া পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। আমরা আপাতত এই পরিবার ও তিন ছেলে মেয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করছি। এটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রাথমিক সহায়তা। আর ফ্লাইট শিডিউল পাওয়া গেলে শীঘ্রই মরদেহ দেশে পৌঁছাবে।মন্ত্রী আরো বলেন সংশ্লিষ্ট দেশের থেকে ক্ষতিপূরণ পাওয়া গেলে তা পরিবারের নিকট হস্তান্তর করা হবে। পাশাপাশি নিহত বাচ্চু মিয়ার ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য প্রতিমাসে একটি নির্দিষ্ট ভাতা দিবে সরকার এবং পরিবারটিকে স্থায়ী সরকারি ভাতার আওতায় আনা হবে। তাদের জন্য দ্রুত বাসস্থানের ব্যবস্থা করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
প্রবাসীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন,”প্রবাসীদের প্রতি আমাদের অনুরোধ, যে সমস্ত দেশ বা স্থানে আমেরিকার সামরিক স্থাপনা রয়েছে এ ধরনের এলাকাগুলি এড়িয়ে চলার চেষ্টা করবেন। সংশ্লিষ্ট দেশের নিয়ম কানুন মেনে চলবেন। তিনি ফেসবুকে হামলার ছবি ও ভিডিও প্রচার না করার আহ্বান জানিয়ে বলেন, সরকার প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে সব দেশের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেছেন”।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী -পাকুন্দিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড:নেয়ামত উল্লাহ ভূইয়া, কিশোরগঞ্জের জেলা প্রশাসক আসলাম মোল্লা, জেলা পুলিশ সুপার ড,এসএম ফরহাদ হোসেন। কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল,কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন প্রমুখ।
উল্লেখ্য যে, গত ৮ মার্চ সৌদি আরবের স্থানীয় সময় ইফতারের আগ মুহূর্তে আলখারিজ শহরে আলতোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ইরানের মিসাইল হামলায় বাচ্চু মিয়া নিহত হন।




