সোনাগাজীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই চেয়ারম্যান নির্বাচিত

ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলায় সোমবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ৩ নম্বর মঙ্গোলকান্দি ইউনিয়ন ও ৪ নম্বর মতিগঞ্জ ইউনিয়নে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজন ইউপি চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
তারা হলেন- ৩ নম্বর মঙ্গলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল এবং সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ৪ নম্বর মতিগঞ্জ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রবি উজ্জামান বাবু।
সোমবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ নম্বর মতিগঞ্জ ইউনিয়নের দুইজন প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন দোলন মনোনয়ন পত্র সেচ্ছায় প্রত্যাহার করায় মতিগঞ্জ ইউনিয়ন এবং ২৯ নভেম্বর যাচাই-বাচাইয়ের শেষ দিন মঙ্গোলকান্দি ইউনিয়নের একজন বাদ পড়াতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুজন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পথ সুগম হয়।
উপজেলা নির্বাচন ও সহকারী রিটানিং কর্মকর্তা মো: মাইনুল হক জানান, ওই দুই চেয়ারম্যান কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। উল্লেখ্য, উপজেলার ৯টি ইউনিয়নে মধ্যে বাকি সাতটি ইউনিয়নে আগামী ২৬ ডিসেম্বর ব্যালটের মাধ্যেমে ভোট গ্রহণের কথা রয়েছে।




