Uncategorized

সেলিমের নির্দেশনায় তারিন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী অভিনেতা শহীদুজ্জামান সেলিম সাধারণত অভিনয়েই বেশি ব্যস্ত থাকেন। তবে মনের মতো গল্প পেলে তা তিনি নির্মাণের চেষ্টা করেন। ঠিক তেমনি একটি গল্প নিয়ে এবার একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন সেলিম। টেলিফিল্মের নাম ‘দু ফোটা সমুদ্র’। এটি রচনা করেছেন ইরাজ আহমেদ। এরইমধ্যে রাজধানীর উত্তরায় টেলিফিল্মটির শুটিং শেষ হয়েছে।
অাগামীকাল দুপুরের সংবাদের পর বিকেল তিনটায় এটি চ্যানেলে আইতে প্রচার হবে বলে জানিয়েছেন শহীদুজ্জামান সেলিম। এই টেলিফিল্মে সেলিমের নির্দেশনায় তারই বিপরীতে অভিনয় করেছেন গুণী অভিনেত্রী তারিন। আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাঈম ও শামীমা তুষ্টি। এই টেলিফিল্মে তিন বছর পর শহীদুজ্জামান সেলিমের নির্দেশনায় অভিনয় করেছেন তারিন।
২০১৩ সালের ঈদ উল ফিতরে এসএটিভিতে প্রচারিত ঈদ ধারাবাহিক নাটক ‘সাংরিলা’তে অভিনয় করেছিলেন তারিন। এটি নির্দেশনা দিয়েছিলেন শহীদুজ্জামান সেলিম। তিন বছর পর আবারো তারিনকে নিয়ে কাজ করা প্রসঙ্গে শহীদুজ্জামান সেলিম বলেন,‘ সুচিত্রা সেন আমার অত্যন্ত প্রিয় একজন নায়িকা। তার নির্বাসিত জীবনের অনেক কল্পনার গল্প আছে। এই গল্পের মাঝে তারই ছায়া কল্পনায় দেখতে পেয়েছি। বাংলাদেশে টিভি নাটকের জগতে বর্তমানে যারা নিয়মিত অভিনয় করছেন তাদের মধ্যে অন্যতম গুণী অভিনেত্রী তারিন। তারিন এমনই একজন গুণী অভিনেত্রী যাকে শুটিং-এর সময় কিছু বলতে হয়না। আমি কী বলতে চাই তা তাকালেই সে বুঝে। অভিনয়ের সময় তারিন তার সর্বোচ্চ ভালোটা দেয়ার চেষ্টা করে। যে কারণে আমি বারবার তারিনকে নিতে বাধ্য হই, তারিনকে নিয়ে কাজ করতে ভালোও বাসি।’
আবারো সেলিমের নির্দেশনায় কাজ করা প্রসঙ্গে তারিন বলেন,‘প্যাকেজে আমার প্রথম নাটকের সহশিল্পী সেলিম ভাই। সেই সময় সেলিম ভাই এবং হাকিম ভাই আমাকে মানসিকভাবে যেভাবে উৎসাহ দিয়েছিলেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। তাদের কারণেই অভিনয়ে আমি আত্মবিশ্বাসী হয়ে উঠেছি। সেলিম ভাইয়ের বিপরীতে কিংবা সেলিম ভাইয়ের নির্দেশনায় অনেক নাটকে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। আমার ক্যারিয়ারকে অন্যরকম উচ্চতায় নিয়ে যেতে সেলিম ভাইয়ের নির্দেশিত কাজগুলো অনেক বড় ভূমিকা রেখেছে। যে কারণে তিনি যখনই আমাকে কোন নাটকে বা টেলিফিল্মে কাজ করার প্রস্তাব দেন আমি চোখ বন্ধ করেই হ্যাঁ বলি। তিনি এমনই একজন নির্মাতা যিনি জেনে বুঝে কাজ করেন।’
উল্লেখ্য শহীদুজ্জামান সেলিম ও তারিন একসঙ্গে সর্বশেষ ‘গ্র্যান্ডমাস্টার’ ধারাবাহিক নাটকে অভিনয় করেছিলেন। আসছে ঈদ উপলক্ষ্যে দু’জনই এখন ঈদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
সুত্র: নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button