সেরা সুন্দরী বিচার করবেন ফেরদৌস-মৌসুমী

সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র কার্যক্রম শুরু হয়েছে। ৮ সেপ্টেম্বর নিবন্ধন প্রক্রিয়া শেষে চলছে অডিশনের তোড়জোড়। এবারের আয়োজনে মূল বিচারক হিসেবে থাকছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা মৌসুমী। তাদের সঙ্গে থাকবেন ওমেন্স ওয়ার্ল্ডের সিইও, বিউটি এক্সপার্ট ফারনাজ আলম। শনিবার দুপুর ১২ টায় এফডিসিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিচারকদের নাম ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস, ফারনাজ আলম, এটিএন বাংলার চেয়্যার ম্যান ড. মাহফুজুর রহমানসহ আরও অনেকেই।
এ প্রসঙ্গে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘আয়োজকদের সঙ্গে কথা হয়েছে। তারা আমাকে এই রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে পেতে চায়, তাদের প্রতি আমারও কিছু কন্ডিশন আছে। সেগুলো পূরণ হলে আমার দিক থেকে কোনো আপত্তি নেই।’
যে কোনো রিয়েলিটি শোতে বিচারকের দায়িত্ব উপভোগ করেন ফেরদৌস। তার ভাষ্য, ‘প্রতিনিয়ত একজন প্রতিযোগীর বদলে যাওয়া, পরিণত হওয়ার বিষয়টি দেখে সত্যিই আমি অবাক হই। খুবই এক্সাইটিং লাগে।’
এদিকে আয়োজক প্রতিষ্ঠান অমিকম জানিয়েছে, এবার ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ শুধুমাত্র বিউটি কন্টেস্টের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। প্রথমবারের মতো বাংলাদেশে এই প্রাটফর্মটি সামাজিক সচেতনামূলত উন্নয়ন কাজেও অংশীদার হচ্ছে।
এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯’ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর। এরপর বিজয়ী লন্ডনে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড’ এর মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।




