‘সুশান্তের আত্মাকে ও পরিবারকে শান্তিতে থাকতে দিন’

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পিছনে দায়ী বলিউডের রাজনীতি এমনটাই মনে করছেন অনেকে। বলিউডের যে স্বজনপোষণ চলে তারই শিকার হয়েছিলেন সুশান্ত।
এমনকি এই অভিযোগ এনেছেন কঙ্গনা রানাউত, প্রকাশ রাজ এবং মনোজ বাজপাই এর মত অভিনেতারাও। কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে প্রযোজক পরিচালক করণ জোহর ও অভিনেত্রী আলিয়া ভাটকে।
অভিনেত্রী স্বরা ভাস্কর এবার এই প্রসঙ্গে মুখ খুললেন। তিনি করণ জোহর ও আলিয়া ভাটকে দোষারোপ করাকে সমর্থন করছেন না।
একসময় করণ জোহরের টকশো ‘কফি উইথ করণ’ এ আলিয়া ভাটকে জিজ্ঞাসা করা হয় সুশান্ত সিং রাজপুত সম্পর্কে। ততদিনে সুশান্ত বলিউডে বেশ কয়েকটি ভালো ছবি করে পাকাপাকি জায়গা করে নিয়েছেন।
কিন্তু আলিয়া বলেছিলেন ‘সুশান্ত সিং রাজপুত, তিনি কে?’ এবং তারপরে শো-তেই সুশান্তকে নিয়ে হাসিঠাট্টা হয়েছিল। তারাই আজ সুশান্তের মৃত্যুতে শোক প্রকাশ করছেন। আর তাদের এই আচরণকে হিপোক্রিসি বলে তকমা দিয়েছেন নেটিজেনরা।
দাবি করছেন তাদের এই আচরণ কিছুটা হলেও সুশান্তের অবসাদের জন্য দায়ী। এমনই কিছু স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এই প্রসঙ্গে স্বরা ভাস্কর বলছেন, একটি অর্থহীন চ্যাট শো এর জন্য টুইটারের অর্ধেক মানুষ করণ জোহর আলিয়া ভাটকে দোষারোপ করছেন। এটা বোকামি ও হিপোক্রেসি ছাড়া আর কিছু না।
যেহেতু সুশান্তের থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি তাই স্বরা বলছেন, সুশান্ত কোনও সুইসাইড-নোট রেখে যাননি। আমরা কেউ জানি না তিনি কিসের মধ্যে দিয়ে গিয়েছেন। আমরা কিন্তু কোনও কারণ জানি না। এমন একজন মানুষকে ব্যবহার করে নিজের ফ্রাস্ট্রেশন বের করা বন্ধ করুন। তিনি সুইসাইড নোট রেখে যাননি। বিষয়টি নিয়ে আলোচনা হোক সুশান্ত চাননি। তিনি চলে গিয়েছেন। এবার তার আত্মাকে ও পরিবারকে শান্তিতে থাকতে দিন।
প্রসঙ্গত, রোববার নিজের ফ্ল্যাট থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ বুদ্ধার করা হয়। প্রাথমিক তদন্ত থেকে জানা যাচ্ছে, তিনি বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন।




