Uncategorized

সিলেটে ঘরে ঢুকে ৫ সন্তানের জননীকে ধর্ষণ শ্রমিকলীগ নেতার

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ ক্যাডার দ্বারা তরুণী গণধর্ষণের ঘটনার রেশ না কাটতেই এবার শামিমাবাদ এলাকায় বসতঘরে ঢুকে পাঁচ সন্তানের জননীকে ধর্ষণ করেছে শ্রমিকলীগ নেতা। এ ঘটনায় সোমবার বিকেলে অভিযান চালিয়ে এক শ্রমিকলীগ নেতাসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, নগরের শামিমাবাদ ৪ নম্বর সড়কের ২ নম্বর বাসার ভাড়াটে বাসিন্দা শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেন (৪০) ও তার সহযোগী হারুন মিয়া (৩৫)। আরেক সহযোগী জামাল মিয়া এখনো পলাতক রয়েছেন।
অভিযুক্ত ধর্ষকেরা গত শনিবার রাতে ওই নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ ঘটনার পর ভুক্তভোগীকে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। সেখান থেকে নির্যাতিতা নিজে কোতোয়ালি মডেল থানায় তিনজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইন্সপেক্টর (এসআই) রেজাউল করিম জানান, ধর্ষণের খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ অভিযুক্ত ধর্ষক দেলোয়ার ও তার সহযোগী হারুন মিয়াকে গ্রেফতার করেছে। আরেক সহযোগী জামাল মিয়া এখনো পলাতক রয়েছেন। মামলায় ওই তিনজন ছাড়াও অজ্ঞাতনামা আরো দু’জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শামীমাবাদ এলাকার বাসায় স্বামী ও সন্তানদের নিয়ে বসবাস করতেন ওই নারী। শনিবার সন্ধ্যা রাতে একই বাসার দ্বিতীয় তলার ভাড়াটে দেলওয়ার তার দুই সহযোগীকে নিয়ে ওই নারীকে ধর্ষণ করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জোর্তিময় সরকার বলেন, ধর্ষণের অভিযোগে দু’জনকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। আরেক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button