জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও সিনিয়র সাংবাদিক খোন্দকার মুহিতুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার দুপুরে স্ট্রোকে আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক খোন্দকার মুহিতুল ডেইলি অবজারভারসহ বিভিন্ন জাতীয় দৈনিক ছাড়াও জাতীয় বার্তা সংস্থা বাসসের নিউজ কনসালট্যান্ট ছিলেন। এ ছাড়া তিনি দৈনিক জনতার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি ১৯৫৩ সালের ১ জানুয়ারি ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে খোন্দকার মুহিতুলের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন।



