Uncategorized

সিংগাইরে পিকআপ চাপায় দু’বোন নিহত

সংবাদদাতা, সিংগাইর : মানিকগঞ্জের সিংগাইরে পিকআপ চাপায় আপন দু’বোন নিহত হয়েছে। নিহতদ্বয় হচ্ছে উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের ইস্রাফিলের কন্যা সুবর্ণা (৯) ও ইশা (২)। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাস্তা-গাজিন্দা মাদরাসার কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিংগাইর থেকে ছেড়ে আসা পিকআপ (ঢাকা-মেট্টো-ন-১৩-৬৫৭২) মাদরাসার কাছে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সংলগ্ন ইস্রাফিলের বাড়িতে ঢুকে যায়। এ সময় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গৃহকর্তার দু‘মেয়ে সুবর্ণা ও ইশাকে পিকআপটি চাপা দেয়। ঘটনাস্থলেই বড়বোন সুবর্ণা মারা যায়। ছোট বোন ইশাকে আশংকাজনক অবস্থায় সাভারস্থ একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে সেও মারা পড়ে। নিহত সুবর্ণা স্থানীয় মর্নিং গ্লোরি স্কুলের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারে চলছে শোকের মাতম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button