সালমান শাহর ‘হত্যাকারীদের’ বিচারের দাবিতে মানববন্ধন

নায়ক সালমান শাহর ‘হত্যাকারীদের’ দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
স্বর্ণালী সাহিত্য পর্ষদ সিলেট ও বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উভয় সংগঠনের সভাপতি কবি নূরুদ্দীন রাসেল।
মানববন্ধনে বক্তারা বলেন, “সালমান শুধু সিলেটের সম্পদ নয়, সালমান গোটা রাষ্ট্রের সম্পদ। এ দেশে প্রতিদিন কত খুনিদের বিচার হচ্ছে অথচ, কোটি মানুষের নন্দিত অভিনেতা সালমানের বিচারে অবহেলা করা হচ্ছে। তাছাড়া, সালমান হত্যা ঘটনার অন্যতম এক আসামী নিজে খুনের সাথে সম্পৃক্ত ছিল বলে জবানবন্দি দিয়েছে। সে আদালতের কাছেও জবানবন্দি দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। তাহলে আর সালমান হত্যাকারীদের গ্রেফতারে আইনি বাধা থাকার কথা নয়।” এসময় তারা আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় গোটা বাংলাদেশের সকল সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজ নিয়ে দূর্বার আন্দোলনেরও ডাক দেন তারা।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান শাহর মামা চলচ্চিত্র পরিচালক আলমগীর কুমকুম। এতে উপস্থিত ছিলেন সালমান শাহর ঘনিষ্ঠবন্ধু সামছুজ্জামান, ছড়ামঞ্চ সিলেটর সভাপতি ছড়াকার সিরাজ উদ্দিন শিরুল প্রমুখ।
এসময় মানববন্ধনে একাত্মতা পোষণ করে ব্যানারসহ অংশগ্রহণ করেন- স্পৃহা থিয়েটার সিলেট, বাংলাদেশ শিশুমেলা সোসাইটি সিলেট বিভাগ, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ, সবুজ বাংলা সমাজ কল্যাণ যুব সংঘ সিলেট জেলা, ন্যাশনালিস্ট এডুকেশন ট্রাস্ট সিলেট জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




