
ভারত- পাকিস্তানের সম্পর্কের উত্তেজনার মধ্যে এলো নতুন খবর। পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা সার্ক সম্মেলনে যাচ্ছে না ভারত। একই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, আফগানিস্তান ও ভুটানও।
মঙ্গলবার রাত ১০টার পর থেকেই এই খবরটি প্রচার পেতে থাকে ভারতীয় বিভিন্ন মিডিয়ায়। পরে বাংলাদেশের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোও ফলাও করে খবরটি প্রচার করা শুরু করে।
বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যম কূটনৈতিক সূত্রের বরাতে জানাচ্ছে যে, কাশ্মিরের উরির সেনাঘাঁটিতে হামলার ঘটনার জেরে পাকিস্তান ও ভারতের সম্পর্কের যে অবনতি হয়েছে, তার কারণেই মূলত ভারত পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
সার্কের নিজস্ব সনদে বলা আছে, সার্কভুক্ত কোনো রাষ্ট্র যদি শীর্ষ সম্মেলনে যোগ দিতে কোনো কারণে অস্বীকৃতি জানায়, তবে সম্মেলন স্থগিত হয়ে যাবে। সনদের এই ধারা অনুসারেই নভেম্বরে ইসলামাবাদের সম্মেলনটি আপাতত স্থগিত হয়ে গেলো।
সার্কের বর্তমান সভাপতি রাষ্ট্র নেপাল। বাংলাদেশ ইতোমধ্যেই নেপালকে জানিয়ে দিয়েছে যে, এবারের সার্ক সম্মেলনে বাংলাদেশ থাকছে না। এ বিষয়ে আয়োজক পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত বক্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি।




