Uncategorized

সাভারে প্রতিদ্বন্দী প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

সোহেল রানা,সাভার(ঢাকা): আসন্ন ইউপি নির্বাচনে নিজের গাড়িসহ প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর ছবি পুড়িয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ায় নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিন মাদবরের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন নৌকার বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ঢাকা জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ।
সোমবার (২০ ডিসেম্বর) অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এর আগে ১৯ ডিসেম্বর আরও বেশ কিছু অভিযোগ এনে নির্বাচনী সংশ্লিষ্ট বিভিন্ন কার্যালয়সহ আশুলিয়া থানায় অভিযোগ দাখিল করেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, মোহাম্মদ রাজু আহমেদ প্রথমবারের মত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। তবে আওয়ামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর নির্বাচনী এলাকায় বিভিন্নভাবে হুমকি প্রদান করছেন বলে দাবি করেছেন স্বতন্ত্র প্রার্থী রাজু আহমেদ। শাহাব উদ্দিন মাদবর আশুলিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
অভিযোগে বলা হয়, নৌকা ছাড়া অন্য প্রতীকে কেউ ভোট দিতে কেন্দ্রে গেলে সেই ভোটারের হাত-পা ভেঙে ঘরে বসিয়ে রাখবেন নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিন মাদবর। তিনি গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হেলাল মাদবরকে গাড়ি ও মটরসাইকেল পুড়িয়ে, নৌকার অফিস ভাংচুর করে প্রতিপক্ষকে মামলা দিয়ে বারোটা বাজিয়ে দিয়েছেন বলেও ভয়ভীতি প্রদান করছেন। কোন ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এজেন্ট দিলে পিটিয়ে বের করে দেওয়া, নিজস্ব বাহিনী দিয়ে কেন্দ্র দখল করে সিল মারাসহ বিভিন্ন হুমকি প্রদান করছেন। গত নির্বাচনে প্রতিপক্ষকে নিজের ব্যবহৃত গাড়ী ভাংচুর করে মামলায় ফাঁসিয়েছেন এবার রাজু ও তার কর্মীদের নামে মামলার জন্য প্রস্তুতি চলছে বলেও হুমকি প্রদান করছেন নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহাব উদ্দিন মাদবর। এসব অভিযোগে নিরাপত্তা ও তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচারের দাবি করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রাজু আহমেদ।
এ ব্যাপারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি আসলে নির্বাচন কর্মকর্তা দেখবেন। তবে এব্যাপারে কোন পরামর্শ বা সহায়তা রিটার্নিং কর্মকর্তা চাইলে আমরা সহযোগীতা করবো।
আশুলিয়া থানার তদন্ত ওসি জিয়াউল ইসলাম বলেন, নির্বাচনী সময়ে আমরা রিটার্নিং কর্মকর্তার অধীনে কাজ করি। তারা নির্দেশনা দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button