সাভারে অপহরণ করে চাঁদা দাবি,থানায় জিডি

সোহেল রানা,সাভার(ঢাকা): কাজের উদ্দেশ্যে বাইরে বের হবার পর বাড়িওয়ালার নাম্বারে ফোন দেয় অজ্ঞাতরা। বলে, জাকির হোসেন চুরি করে ধরা পড়েছে। ৪ লাখ টাকা না দিলে হত্যার হুমকিও প্রদান করা হয়। এর কিছুক্ষণ আগে ফোন করে বলা হয়েছিল জাকির এক্সিডেন্ট করেছে, টাকা লাগবে ৪ লাখ। জাকিরের স্ত্রী রহিমা বেগম রোববার সাভার থানায় জাকিরকে খুঁজে পেতে নিখোঁজ ডায়েরী করেছেন। এর আগে ১৫ ডিসেম্বর দুপুরে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে আসেননি।
অপহরণের শিকার জাকির হোসেন চাঁদপুর জেলা সদরের মনসুর দেওয়ানের ছেলে। তিনি সাভারের কাতলাপুরের আমতলা এলাকায় ভাড়া থেকে উলাইলে চটপটির ব্যবসা করতেন।
ভুক্তভোগীর স্ত্রী রহিমা বলেন, আমার স্বামী ১৫ ডিসেম্বর কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সেদিন সন্ধ্যায় কে বা কারা বাড়িওয়ালা শোভার মোবাইলে ফোন করে বলেন, জাকির হোসেন অ্যাক্সিডেন্ট করেছে। দ্রুত ৪ লাখ টাকা দিতে হবে। ১০ মিনিট পরে আবার একই নম্বর থেকে ফোন আসে। তখন বলে, তার স্বামী জাকির হোসেন চুরি করে ধরা পড়েছেন। তার স্বামীকে বাঁচাতে হলে দ্রুত ৪ লাখ টাকা পাঠাতে হবে। স্বামী কোথায় আছেন? এমন প্রশ্নের জবাবে অপহরণকারীরা বলেন, নারায়ণগঞ্জে রয়েছে। দ্রুত টাকা না পাঠালে তার স্বামীকে হত্যার হুমকিও দেন। পর দিনই থানায় ডিজি করতে চেয়ে পারি নাই। এতদিন স্বামীর অপেক্ষায় থেকে রবিবার জিডি করেছি।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল বলেন, এ ব্যাপারে থানায় নিখোঁজ ডায়েরি করেছেন ভুক্তভোগীর স্ত্রী রহিমা। আমরা তদন্তের কাজ শুরু করেছি।


