বিনোদন

সম্মাননা পাচ্ছেন দিলারা জামান

আলমগীর কবির
একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কিংবদন্তী অভিনেত্রী দিলারা জামান অনলাইন সংবাদ মাধ্যম ‘বিবার্তা স্বর্ণপদক’-এ ভূষিত হতে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ‘বিবার্তা’র সম্পাদক বাণী ইয়াসমিন হাসি। গতকাল সকালে দিলারা জামানের সঙ্গে হাসির সম্মানা বিষয়ে চূড়ান্ত কথা হয়। আগামী ৬ মার্চ বিকেল ৪টায় রাজধানীর শাহবাগস্থ জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে দিলারা জামানের হাতে ‘বিবার্তা স্বর্ণপদক’ তুলে দেয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, এমপি। বিশেষ অতিথি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মনি, এমপি। ‘বিবার্তা’ আয়োজিত তৃতীয়বারের মতো এই সম্মাননা অনুষ্ঠানে বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে বিশেষ অবদানের জন্য দিলারা জামানকে ‘বিবার্তা স্বর্ণ পদক’-এ ভূষিত করা হচ্ছে। এই সম্মাননা পাওয়া প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘আমি নোয়াখালীর সন্তান। রক্ষণশীল পরিবারে আমার জন্ম। এমন একটি পরিবারে সেই সময়ে জন্ম নিয়ে অনেক যুদ্ধ করে আমাকে অভিনয় করতে হয়েছে। শিক্ষকতার পাশাপাশি আমাকে অভিনয় করতে হয়েছে। দর্শকের ভালোবাসা পেয়েছি আমি সবসময়। এই ভালোবাসা নিয়েই আমি অভিনয়ের পথে এগিয়ে চলেছি। বিবার্তা পরিবার এবং এর সম্পাদক বাণী ইয়াসমিন হাসির প্রতি আন্তরিক ধন্যবাদ আমাকে এমন সম্মাননায় ভূষিত করার জন্য।’ ১৯৯২ সালে দিলারা জামান একুশে পদকে ভূষিত হন। মুরাদ পারভেজ পরিচালিত ‘চন্দ্রগ্রহণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। ১৯৪৩ সালের ১৯ জুন দিলারা জামানের জন্ম। দিলারা জামানের লেখা প্রথম ১৯৫৬ সালে ‘ইত্তেফাক’র কঁচিকাঁচা আসরের পাতায় ছাপা হয়। সেটি ছিল ছোট্ট একটি আট লাইনের ছড়া। ছাপার অক্ষরে নিজের নাম ‘দিলারা আহমেদ লিলি’ দেখে তখন তার বেশ আনন্দ হয়েছিল। সেই থেকে তার লেখালেখির অভ্যাসও রয়েছে। ১৯৫৭ সালে স্কুলে তিনি প্রথম নাটক করেন মঞ্চে। শরৎচন্দ্রের ‘মামলার ফল’। ১৯৬৩ সালে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন তখন পূর্ব পাকিস্তানের ছাত্র ইউনিয়নের বার্ষিক সম্মেলনে বাংলা একাডেমির উন্মুক্ত মঞ্চে একাঙ্কিকায় অভিনয় করেছিলেন কাজী দিশু ও সাংবাদিক আ ন ম গোলাম মোস্তফার সঙ্গে। একই বছরে তিনি আলাউদ্দীন আল আজাদ রচিত ডাকসুর নাটক ‘মায়াবি প্রহর’-এ অভিনয় করেছিলেন। এতে তিনি আব্দুল্লাহ আল মামুনের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন। ১৯৬৬ সালে প্রথম নাজমুল আলমের রচনায় ও আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় রেডিওতে প্রথম নাটক করেন। টেলিভিশনে তিনি প্রথম নাটক করেন ১৯৬৭ সালে খান জয়নুলের লেখা ‘পিনিস’ নাটকে। পরিচালক ছিলেন আব্দুল্লাহ আল মামুন। হুমায়ূন আহমেদের নির্দেশনায় প্রথম ১৯৮৪ সালে ‘দিনের শেষে’ নাটকেত অভিনয় করেন। বিপরীতে ছিলেন গোলাম মুস্তাফা। এরপর হুমায়ূন আহমেদের ‘এইসব দিনরাত্রি’,‘অয়োময়’ নাটকেও অভিনয় করেন। দিলারা জামান অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছেÑ ‘আগুনের পরশমনি’, ‘চন্দ্রকথা’, ‘মেঘলা আকাশ’, ‘মনপুরা’, ‘চন্দ্রগ্রহণ’, ‘অপেক্ষা’ এবং মুক্তি প্রতীক্ষিত ‘আলতাবানু’ ও ‘পোস্টমাস্টার ৭১’। বর্তমানে তিনি ‘যখন কখনো’, ‘সবজান্তা শমসের’, ‘মহাগুরু’ ও ‘আমাদের গল্পগুলো’ ধারাবাহিকে অভিনয় করছেন। নয়া দিগন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button