সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা (অনুশীলন ৮২): ‘বিষাক্ত মানুষদের ‘না’ বলুন’
প্রিয় পাঠক, আপনাদের জন্য রয়েছে আমাদের এ নতুন আয়োজন। এখানে ‘দ্য সিল্ক রোড পার্টনারশিপ’ এর সহ-প্রতিষ্ঠাতা নাইজেল কাম্বারল্যান্ড লিখিত একটি বইয়ের সাথে আপনাদের পরিচয় করানো হবে। বইটির শিরোনাম, ‘হান্ড্রেড থিংস সাকসেসফুল পিপল ডু: লিটল এক্সারসাইজেস ফর সাকসেসফুল লিভিং’। এবং আমরা বইটি অনুবাদ করছি “সফল ব্যক্তিদের ১০০ জীবনচর্চা” শিরোনামে। সপ্তাহব্যাপী এই আয়োজনে প্রতিদিন এই বই থেকে একটি করে বিষয় আলোচনা করা হবে। আজকের আয়োজনে জেনে নিন সফল ব্যক্তিদের করা ৮২ নম্বর বিষয়টি সম্পর্কে।
অনুশীলন ৮২: ‘নেতিবাচক মানুষদের ‘না’ বলুন’
অনুশীলন ৩৮ এ আমি পরিবেশ দূষণ রোধের কথা বলেছিলাম। কিন্তু আপনি কি জানেন, আপনার আশেপাশে দূষিত পরিবেশের তুলনায় দূষিত মানুষ রোধ করা অধিক প্রয়োজন? আপনার বন্ধু, পরিবারের সদস্য এমনকি সহকর্মীরাও নেতিবাচক মানসিকতায় পূর্ণ হতে পারে। চারপাশের কিছু মানুষ এমন বিষাক্ততায় পরিপূর্ণ যে তারা শুধু নিতেই পারেন কিন্তু দেবার কোন রকম ইচ্ছা নেই। আমাদের সকলের সঙ্গেই কমবেশি এমন মানুষ থাকেন।
একজন ব্যক্তি তার আশেপাশের মানুষের সঙ্গে কেমন ব্যবহার করেন তার মাধ্যমেই তার মানসিকতা ও স্বভাব-চরিত্র আঁচ করা যায়।
আপনি নিশ্চয়ই এমন মানুষের সংস্পর্শে এসেছেন-
– সহকর্মী যিনি নিজেকেই সর্বদা সঠিক বলে মনে করেন।
– এমন বাবা-মা যিনি তার সন্তানদের স্বপ্ন, লক্ষ্য ও সম্ভাবনাকে নিচু চোখে দেখেন।
– এমন বন্ধু যে অসৎ ব্যবহার করে আপনার সঙ্গে।
– এমন ব্যক্তি যিনি সব সময় আপনার কাছে কিছু না কিছু চান যেমন- সময়, অর্থ এবং শক্তি। কিন্তু আপনি কিছু চাইলে আপনাকে সঙ্গে সঙ্গে ফিরিয়ে দেন।
আমি এমন বহু মানুষকে প্রশিক্ষণ দিয়েছি যাদের আশেপাশে এমন নেতিবাচক, নোংরা ও তিক্ত মানুষে পরিপূর্ণ। তাদের বিদায় দেওয়ার সময় চলে এসেছে, তাই নয় কী?
জেগে ওঠা জরুরী
খারাপ মানুষের মধ্যেও ভালোটুকু খুঁজে বের করা একটি ভালো অভ্যাস কিন্তু এভাবে আর কতোদিন, বলুন? বাস্তবতার মুখোমুখি হবার সময় চলে এসেছে এখন। মানুষকে ছাড় দেবার চাইতে এখন আপনার নিজের জন্য, নিজের স্বাস্থ্য ও শান্তির জন্য কী ভালো হবে তা বিবেচনা করে দেখুন।
তাদের কাছ থেকে দূরে সরার জন্য কী করতে হবে তা আপনিই সবচেয়ে ভালো বুঝবেন। নিজের জীবনকে বিরক্ত ও বিষাক্ত করে ফেলা বন্ধ করুন। কখন ও কীভাবে সরে যেতে হবে, তা ঠিক করুন। এখনই জেগে ওঠার সময়।
নম্রভাবে ‘না’ বলুন
বিষাক্ত মানুষের কোন অনুরোধে না বলতে দ্বিধাবোধ কিংবা সংকোচবোধ করবেন না। তারা যে আপনার কতো বড় ক্ষতি করছে, তা তারাই জানে না অনেক সময়ে। সবচেয়ে ভালো অপশন হলো ভদ্রভাবে ‘না’ বলা। এ বিষয়ে সাহসী হোন।
যোগাযোগ কমিয়ে দিন
কিছু মানুষ আছে যারা আপনার থেকে পুরোপুরি দূরে সরতে চাইবে না। আপনি চাইলেই তাদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিন। নিজ বাসায় তাদের নিমন্ত্রণ দেওয়া বন্ধ করুন এবং হঠাৎ করে দেখা হয়ে গেলেও সংক্ষেপে কথা সারুন।
প্রিয়.কম



