sliderস্থানিয়

শিবালয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, চারটি রামদা, দুটি কাটার ও একটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে, শিবালয় উপজেলার ধুতরাবাড়ি ৪ নম্বর ফেরিঘাট এলাকায় একটি পিকআপে করে কয়েকজন ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে সেখানে অভিযান চালানো হয়।

অভিযানকালে সন্দেহভাজন পিকআপটি থামানোর চেষ্টা করলে চালক গাড়িটি দিয়ে ডিবি পুলিশের মাইক্রোবাসসহ আশপাশের কয়েকটি যানবাহনে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে পিকআপটি ফেরিঘাটের পন্টুনে উঠে গেলে গাড়িতে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ পাঁচজনকে আটক করতে সক্ষম হয়। তবে তাদের আরও কয়েকজন সহযোগী পালিয়ে যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- যশোর জেলার আবুল হোসেন (৪০), গাজীপুরের এরশাদ ওরফে এরশাদুল (৪৩), রাজবাড়ীর হামিদুল বিশ্বাস (৩৭), ঝিনাইদহের আবুল কালাম (২৬) এবং নওগাঁর শাহাবুর রহমান ওরফে শাকিল (৩১)।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির উদ্দেশ্যে সেখানে একত্রিত হওয়ার কথা স্বীকার করেছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপের ভেতর তল্লাশি চালিয়ে চারটি রামদা, দুটি কাটার ও একটি হাসুয়া উদ্ধার করা হয়, যা ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি এবং অন্যান্য অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় শিবালয় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button