শাকিব-অপুর কেন এই বিচ্ছেদের সুর?

চলচ্চিত্রপাড়ায় বইছে শাকিব খান ও অপু বিশ্বাসের বিবাহবিচ্ছেদের সুর। এরই মধ্যে কয়েকটি সংবাদপত্রে ছড়িয়ে পড়েছে খবরটি। কিন্তু কেন এই বিচ্ছেদের সুর?
শাকিব খান বর্তমানে থাইল্যান্ডে ‘মাস্ক’ ছবির শুটিং করছেন। রাজীব বিশ্বাস পরিচালিত এই ছবিতে শাকিব খানের বিপরীতে আছেন নুসরাত জাহান। বিষয়টি নিয়ে জানতে চাইলে ব্যস্ততার দোহাই দেন শাকিব খান। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘আমি এ মুহূর্তে শুটিংয়ের কাজে ব্যস্ত আছি। এ বিষয়ে কোনো কথা বলতে চাই না।’
তবে শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, অনেক আগে থেকেই অপুর প্রতি বিরক্ত শাকিব খান। যেদিন অপু বিশ্বাস টিভি লাইভে এসে দেশের মানুষের কাছে বিয়ের কথা বলেছেন, ওই দিন শাকিব অনেক কেঁদেছেন। নিজের ছেলেকে আরো সুন্দরভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা তিনি চিন্তা করেছিলেন। সেই দিন থেকেই শাকিব খান বিবাহবিচ্ছেদের কথা চিন্তা করেন।
গণমাধ্যমে শাকিব-অপুর বিয়ে, সেটা গোপন করা ও সন্তানের বিষয়টি যেভাবে এসেছে, তাতে শাকিব বিব্রত হয়েছেন বলেও উল্লেখ করেন ওই সূত্র। সূত্র আরো জানায়, প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত জীবন আছে, তাদের টানাপড়েনও আছে। কিন্তু দেশের মানুষের কাছে বিষয়গুলোকে নেগেটিভভাবে প্রেজেন্ট করা হয়েছে, যা শাকিব খানের জন্য অসম্মানজনক হয়েছে। দর্শকদের কাছে শাকিব বিব্রত হয়েছেন।
সম্প্রতি দুটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস, আগামী মাসে ছবির শুটিং করার কথা রয়েছে। এ বিষয়ে সূত্র জানায়, যেখানে সন্তানের বয়স মাত্র এক বছর দুই মাস, তখন মায়ের কাছে থাকা খুব বেশি প্রয়োজন। এমন সময় নতুন ছবিতে কাজ শুরু করলে সন্তানকে সময় দেবে কে? এগুলো শাকিব ভালোভাবে নেননি।
শাকিব খান অপুর সংসারে নিয়মিত টাকা দেন জানিয়ে সূত্রটি জানায়, শাকিব খান নিয়মিত অপু বিশ্বাসকে খরচের টাকা পাঠান। শাকিব মনে করেন, মাত্র এক বছরের শিশু রেখে কেন তাঁকে সিনেমা করতে হবে? শিশুর কথা বলার আগেই তাঁকে রেখে অপুর শুটিংয়ে সময় দেওয়া কি উচিত?
এসব কারণেই শাকিব খান ও তাঁর পরিবার বিরক্ত জানিয়ে সূত্র বলে, খুব তাড়াতাড়ি এই বিবাহবিচ্ছেদ হবে। যখন হবে, তখন সবাইকে জানিয়েই তা শাকিব করবেন।
গত এপ্রিলে ঢাকাই ছবির নতুন নায়িকা শবনম বুবলীর সঙ্গে শাকিব ঘরোয়া পরিবেশে একটি ছবি তোলেন। ছবিটিতে ‘ফ্যামিলি টাইম’ ক্যাপশন লিখে নিজের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন বুবলী। এরপরই অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে শাকিব খানের। ছবিটি প্রকাশের পরপরই গণমাধ্যমে দীর্ঘদিন গোপনে থাকা বিয়ে ও সন্তানের বিষয়টি খোলাসা করেন অপু। এনটিভি ।



