বিনোদন

সাদাকালো যুগের অভিনেত্রী রেশমা আর নেই

অভিনেত্রী ও নির্দেশক আজমেরি জামান রেশমা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার দুপুরে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনেক দিন লোকচক্ষুর আড়ালে থাকা এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার বয়স হয়েছিল ৮২।
রেশমার মৃত্যুর খবর গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন তার ছেলে রাহবার খান ও পুত্রবধূ অভিনেত্রী ফারহানা মিঠু। তাকে মানিকগঞ্জের সিংগাইরে সমাহিত করা হয়েছে।
১৯৬০ সালে রেশমা রেডিওতে ভয়েস আর্টিস্ট, উপস্থাপক ও সংবাদ পাঠক হিসেবে কর্মজীবন শুরু করেন। একই দশকে ‘জি না ভি মুশকিল’ ছবির মধ্য দিয়ে রূপালি জগতে পা রাখেন। তার উল্লেখযোগ্য বাংলা ও উর্দু ছবির মধ্যে রয়েছে ‘ভাওয়াল সন্ন্যাসী’, ‘মেঘের পরে মেঘ’, ‘নয়ন তারা’, ‘ইন্ধন’, ‘চাঁদ আর চাঁদনি’, ‘সূর্য ওঠার আগে’, ‘শেষ উত্তর’ প্রভৃতি।
টিভিতে মুনীর চৌধুরী অনূদিত উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘মুখরা রমণী বশীকরণ’ নাটকে মূল চরিত্রে অভিনয় করে পরের দশকে ব্যাপক আলোড়ন তোলেন রেশমা। আরও অভিনয় করেন ‘শেষের কবিতা’, ‘বৃত্ত থেকে বৃত্তে’, ‘সাঁকো পেরিয়ে’, ‘দিন বদলের পালা’সহ অনেক আলোচিত নাটকে।
তিনি দীর্ঘদিন মঞ্চে শিল্পনির্দেশকের কাজ করেছেন। ষাটের দশকে যুক্ত ছিলেন মঞ্চ সংগঠন ড্রামা সার্কেলের সঙ্গে। স্বাধীন বাংলাদেশেও মঞ্চে নির্দেশনা দিয়েছেন।
আজমেরি জামান রেশমার জন্ম মুন্সিগঞ্জে। তার স্বামী জামান আলী খান ছিলেন পিটিভির প্রথম প্রযোজক। তার ছোট বোন নাজমা আনোয়ার ও ভাগনি ইশরাত নিশাতও ছিলেন অভিনেত্রী। তারা দুজনই প্রয়াত। দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button