খেলা

লেস্টারকে উড়িয়ে শিরোপার পথে লিভারপুল

এক গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করার পর দ্বিতীয়ার্ধে আরও তিন গোল। তাতে স্বাগতিক লেস্টার সিটিকে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে অপরাজিত থাকার ধারা ধরে রাখার পাশাপাশি শিরোপাস্বপ্ন জোরালো করেছে লিভারপুল।
বক্সিং ডে বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের মাঠে ইংলিশ ফুটবলের শীর্ষ লিগের ম্যাচটিতে ৪-০ গোলের জয় পায় লিভারপুল। দুই অর্ধে দুটি গোল করেন রবের্তো ফিরমিনো। একটি করে গোল করেন জেমস মিলনার ও ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড।
এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও জোরালো করল লিভারপুল। ১৮ ম্যাচ শেষে ১৭ জয় ও এক ড্রয়ে দলটির পয়েন্ট দাঁড়িয়েছে ৫২। ১৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে এক ম্যাচ বেশি খেলা লেস্টার।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩১তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখায় পায় লিভারপুল। কর্নার থেকে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ডের ক্রস থেকে গোলপোস্টের খুব কাছ থেকে হেডে দলকে এগিয়ে নেন ফিরমিনো। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।
ম্যাচের শেষ দিকে অতিথি দলের আক্রমণ আর রুখতে পারেনি লেস্টারের ডিফেন্স। সাত মিনিটের ব্যবধানে আরও তিনটি গোল পেয়ে যায় ইয়ুর্গেন ক্লপের দল। ৭১তম মিনিটে স্পট কিক থেকে মিলনারের গোলে ব্যবধান দ্বিগুন করে তারা।
৭৪তম মিনিটে আবারও জালের দেখা পান ফিরমিনো। এবারও তার গোলে অবদান রাখেন আলেক্সান্ডার-আর্নল্ড। ইংলিশ এই রাইট-ব্যাকের ক্রসে ডি-বক্সের মাঝামাঝি থেকে ডান পায়ের শটে গোল করেন ফিরমিনো।
৭৮তম মিনিটে নিজে গোলের দেখা পান আলেক্সান্ডার আর্নল্ড। সাদিও মানের পাস থেকে ডান পায়ের শটে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকেন এই ইংলিশ ফুটবলার।
গোল পেতে চেষ্টার কমতি ছিল না লেস্টারের। কিন্তু একবারের জন্যও লিভারপুলের রক্ষণ ভেদ করতে পারেনি দলটির আক্রমণভাগের খেলোয়াড়রা।
বক্সিং ডে’র অপর ম্যাচগুলোতে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিওনকে ২-১ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। বোর্নমাউথের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে আর্সেনাল। নিউক্যাসেল ইউনাইটেডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সাউদাম্পটনের মাঠে ২-০ গোলে হেরেছে স্বাগতিক চেলসি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button