রোহিঙ্গা ইস্যু : সু চির সাথে কানাডার প্রধানমন্ত্রীর বৈঠক

ভিয়েতনামে এপেক সম্মেলনের এক ফাঁকে মিয়ানমারের নেত্রী অং সান সু চির সঙ্গে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বৈঠকে বসছেন বলে জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রীর দফতর। শুক্রবার এ বৈঠক হতে পারে।
দক্ষিণ এশিয়ার বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ এ দেশটিতে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মাঝে তাদের মধ্যে এ বৈঠক হচ্ছে।
এর আগে গত আগস্টের শেষ দিকে মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্রবাদী বৌদ্ধরা সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর বর্বরোচিত নির্যাতন শুরু করলে সেপ্টেম্বরে এ বিষয়ে টেলিফোনে সু চির সাথে কথা বলেন ট্রুডো।
রোহিঙ্গা ইস্যুতে গত মাসে মিয়ানমারে একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন ট্রুডো। সেই বিশেষ দূত অন্টারিও প্রদেশের প্রাদেশিক সরকারের সাবেক প্রধান বব রাইও বর্তমানে ভিয়েতনাম রয়েছেন। তিনি প্রধানমন্ত্রী ট্রুডোকে মিয়ানমারের সার্বিক অবস্থা জানাবেন।
রাই মিয়ানমারের পার্শ্ববর্তী দেশগুলোকে এ ব্যাপারে চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছিলেন।
সহিংসতায় প্রায় ৮ লাখের মতো রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের উপর বর্বরোচিত এ আচরণকে জাতিসঙ্ঘ ‘জাতিগত নিধনের ধ্রুপদি উদাহরণ’ হিসেবে উল্লেখ করেছে।
সূত্র: সিবিসি নিউজ




