রেকর্ড গড়লেন রশিদ খান

আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততব বোলার হিসেবে ১০০ উইকেট নিয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ককে ছাড়িয়ে গেছেন। স্টার্ক ২০১৬ সালে দ্রুততম বোলার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ উইকেট নিয়েছেন।
রশিদ খান মাত্র ৪৪টি ম্যাচ থেকে এ রেকর্ড করেন। স্টার্কের চেয়ে তিনি ম্যাচ খেলেছেন আটটি কম।
রোববার হারারেতে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইয়ারের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে আউট করে তিনি এ রেকর্ড গড়েন।
রশিদ আফগানিস্তানকে এসোসিয়েট পর্যায় থেকে দেশটিকে আইসিসির পূর্ণ সদস্য গড়তে বিপুল ভূমিকা রেখেছেন।
উইকেটের সেঞ্চুরি পূর্ণ করার দিনে রশিদ খানের বয়স ১৯ বছর ১৮৬ দিন। এর আগে এত কম বয়সে এই মাইলফলক কেউ স্পর্শ করতে পারেননি। রশিদ ২৬ ম্যাচে ৫০ উইকেট নিয়েছিলেন। বাকি ৫০ উইকেট নিলেন ১৮ ম্যাচেই।
২০১৫ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় রশিদের। অভিষেক ম্যাচে এক উইকেট নেন তিনি। শুরুতে খুব একটা চমক দেখাতে না পারলেও দিনে দিনে বোলিংয়ে জাদু ছড়াচ্ছেন তিনি। ইতোমধ্যেই আলোড়ন ছড়িয়েছেন ক্রিকেট বিশ্বে। সীমিত ওভার ক্রিকেটে এখন তাকে সময়ের সেরা স্পিনার হিসেবে বিবেচনা করা হয়।
৫২ ম্যাচে ১০০ ছুঁয়ে আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের দখলে। স্টার্ক পেছনে ফেলেছিলেন পাকিস্তানের সাকলায়েন মুশতাককে। সাবেক এই পাক অফস্পিনার ১০০ উইকেট নিয়েছিলে ৫৩ ম্যাচে। নিউজিল্যান্ডের শেন বন্ড নিয়েছিলেন ৫৪ ম্যাচে।




