রিয়াল-বার্সার ক্লাসিকো লড়াই রাতে

রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা। ফের রোমাঞ্চকর লড়াইয়ে মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী দল দুটি। কিন্তু এবারের ক্লাসিকো লড়াই জিনেদিন জিদানের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেননা কাতালান ক্লাবটির কাছে হেরে গেলে লা লিগার শিরোপার লড়াই থেকে অনেকটা ছিটকে পড়বে স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি।
সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার বাংলাদেশ সময় রাত ২টায় লা লিগায় মুখোমুখি হবে দল দুটি। লিগে এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলে সতেরো জয় ও চার ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচ খেলে ২ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে রিয়াল।
এমন অবস্থায় ম্যাচটিতে জিতলে পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে কিকে সেতিয়েনের দল। আর রিয়াল জিতলে এক পয়েন্টের ব্যবধানে বার্সেলোনাকে টপকে শীর্ষে ফিরবে জিদানের দল। আর ড্র হলে একই থাকবে দল দুটি’র পয়েন্ট ব্যবধান।
গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে মোটেও ভালো অবস্থায় নেই রিয়াল। সব ধরনের প্রতিযোগিতায় গত পাঁচ ম্যাচের একটিতে মাত্র জয় পেয়েছে তারা। বাকি তিনটিতে হার, একটিতে ড্র। সবশেষ লড়াইয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছে সান্তিয়াগো বের্নাবেউয়ের দলটি।
সে তুলনায় বেশ ভালো অবস্থায় আছে বার্সেলোনা। গত পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে তারা। একটিতে হার। আর সবশেষ ম্যাচে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে নাপোলির মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে কিকে সেতিয়েনের দল।
ছন্দে থেকে মৌসুম শুরু করে হঠাৎই ফর্মহীনতায় ভুগছেন রিয়াল তারকা করিম বেনজেমা। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৮ গোল করা ফরাসি এই স্ট্রাইকার গোলশূন্য পাঁচ ম্যাচ ধরে। চোটে থাকায় এই ম্যাচেও নেই বেলজিয়ান উইঙ্গার এডেন হ্যাজার্ড।
রিয়ালে সময়টা তেমন ভালো যাচ্ছে না আক্রমণভাগের আরেক খেলোয়াড় গ্যারেথ বেলের। দলে আসা-যাওয়ার মধ্যে আছেন এই ওয়েলস ফুটবলার। অক্টোবরের পর কোনো গোলের দেখা পাননি তিনি। এই সময়ের মধ্যে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বদলি হিসেবে নামাই তার বড় ম্যাচ খেলা। হ্যাজার্ড না থাকায় বেনজেমা ও ইস্কোর সঙ্গে এবার দলটির আক্রমণভাগে দেখা যেতে পারে বেলকে।
নতুন কোচ কিকে সেতিয়েনের অধীনে এই প্রথম ক্লাসিকো লড়াইয়ে রিয়ালের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। চলতি লিগে দল দুটির প্রথম লড়াই ছিল ডিসেম্বরে। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত ওই ম্যাচে কোচ এরনেস্তো ভালভেরদের অধীনে গোলশূন্য ড্র করেছিল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
আক্রমণভাগ সমস্যায় ভুগছে বার্সেলোনাও। উসমানে দেম্বেলে ও লুইস সুয়ারেস চোটে থাকায় দলটির আক্রমণভাগ অনেকটা ভঙ্গুর হয়ে পড়েছে। এমন অবস্থায় ডাচ ফরোয়ার্ড মার্টিন ব্র্যাথওয়েটকে চুক্তিবদ্ধ করেছে তারা। আছেন লিওনেল মেসি ও অঁতোয়ান গ্রিজমান।
সবশেষ ম্যাচে নাপোলির মাঠে বার্সেলোনার আক্রমণভাগের ক্ষীপ্রতার অভাব ছিল স্পষ্ট। ফলে নতুন কেউ চোটে পড়লেই ভোগান্তির শেষ থাকবে না কাতালান ক্লাবটির।
ওই ম্যাচে হালকা চোটে পড়েছিলেন ডিফেন্ডার জেরার্দ পিকে। তবে রিয়ালের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই তাকে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। লেফট-ব্যাক জর্ডি আলবা চোট কাটিয়ে ওঠার খুব কাছে চলে এলেও তাকে মাঠে নাও নামানো হতে পারে। তার জায়গায় খেলবেন জুনিয়র ফিরপো। তরুণ উইঙ্গার অনসু ফাতির জায়গায় নেওয়া হতে পারে অভিজ্ঞ মিডফিল্ডার আর্টুরো ভিদালকে।



