রান তোলার আগেই সাজঘরে সাদমান
নিজেদের ইনিংসের শুরুতেই সাদমান ইসলামের উইকেট হারিয়েছে বাংলাদেশ। লাঞ্চ বিরতির আগে চার ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। পেসার ইয়ামিন আহমাদজাইয়ের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। ব্যাটের কানায় লেগে বল জমা হয় উইকেটকিপারের গ্লাভসে। কোনো রান তোলার আগেই উইকেট হারায় বাংলাদেশ। এক উইকেট হারিয়ে লাঞ্চে যায় টাইগাররা।
লাঞ্চের পর সৌম্য সরকারের সঙ্গে জুটি বাধেন লিটন দাস। লাঞ্চের পর আরেকটি উইকেট হারাতে পারত বাংলাদেশ। তবে রিভিউ নিয়ে বেঁচে গেছেন লিটন দাস। মোহাম্মদ নবীর তৃতীয় ওভারে লেংথ বল ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়েছিলেন লিটন। ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত হানে তার প্যাডে। এলবিডব্লিউয়ের জোরালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার নাইজেল লং। সৌম্য সরকারের সঙ্গে আলোচনা করে লিটন নেন রিভিউ। টিভি রিপ্লেতে দেখা যায়, বল লেগ স্টাম্প মিস করে যেত।
এ প্রতিবদেন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১২ রান। সৌম্য সরকার ৮ ও লিটন দাস ৪ রানে অপরাজিত আছেন।
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ৩৪২ রানে অলআউট হয়েছে আফগানিস্তান। দেশের হয়ে রহমত শাহ ১০২, আসগর আফগান ৯২ ও অধিনায়ক রশিদ খান ৫১ রান করেন। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম চারটি, সাকিব আল হাসান ও নাঈম ইসলাম দুটি করে এবং মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ একটি করে উইকেট নিয়েছেন।




