রমেকে পরিচালকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণি কর্মচারীদের বিক্ষোভ মিছিল

রংপুর ব্যুরোঃ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেন রমেক চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। এসময় কর্মচারীরা পরিচালকের দ্রুত অপসারণ দাবি জানান। আজ রোববার সকাল সাড়ে ১০ টায় মেডিকেল চত্বরে এ বিক্ষোভ মিছিল চলাকালীন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির(১৬-২০) এর সভাপতি শাহীনুর ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান নয়ন, জেলা শাখার সভাপতি বাবু, রংপুর মেডিকেল কলেজ চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি শাহীন ইসলাম জানান, পরিচালক দায়িত্বে আসার পর থেকেই নানা অজুহাতে কর্মচারীদের উপর অত্যাচার চালিয়ে আসছে, সেই সাথে লাগামহীন দূর্নীতি করছেন তিনি। আউট সোর্সিং এর মাধ্যমে নিয়োগ দিয়ে কোটি টাকা দূর্নীতি করছেন তিনি। কোন বিষয়ে প্রতিবাদ করলেই ট্রান্সফার অথবা চাকুরীচ্যুতের ভয় দেখান। পরে কর্মচারীরা রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে বিক্ষোভ করতে থাকে। পরিচালক উপস্থিত না থাকায় কর্মচারীরা পরবর্তী কর্মসুচী ঘোষণা করে বিক্ষোভ শেষ করে। এদিকে বিক্ষোভ মিছিল চলাকালীন সময় তখনও রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাঃ শরীফুল হাসান হাসপাতালে আসেননি। অন্যদিকে একই দাবীতে একাত্বতা ঘোষণা করেছেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকরা।




