বিনোদন

রণবীরের ভাই না সুনীলের ছেলে, কার সঙ্গে প্রেম নায়িকার?

শুধু চলচ্চিত্রেই নয়, বাস্তবেও ত্রিকোণ প্রেমের গল্প ভাসছে বি-টাউনে। একদিকে রণবীর কাপুরের ফুফাতো ভাই আদর জৈন, অন্যদিকে সুনীল শেঠির ছেলে আহান শেঠি, মাঝখানে বলিউডে সদ্য পা রাখা নায়িকা-গায়িকা তারা সুতারিয়া। জমে উঠেছে ত্রিভুজ প্রেমের জল্পনা!

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ সাম্প্রতিক প্রতিবেদনে জানিয়েছে, কিছুদিন আগের গুঞ্জন, ‘সঞ্জু’ তারকা রণবীর কাপুরের ফুফু রিমা কাপুরের ছেলে আদর জৈনের সঙ্গে প্রেমে মজেছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ দিয়ে অভিনয়জগতে পা রাখা তারা সুতারিয়া। সে নিয়ে কম জল্পনা ছিল না।

এবার বলিউডপাড়ায় গুঞ্জন, একসময়ের অ্যাকশন তারকা সুনীল শেঠির ছেলে আহান শেঠির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তারা সুতারিয়া।

শুধু তা-ই নয়, শোনা যাচ্ছে, আহান ও তারাকে খুব শিগগির জুটি বাঁধতে দেখা যাবে বলিউডি ছবিতে। তা ছাড়া তেলেগু হিট ‘আরএক্স হানড্রেড’-এর হিন্দি রিমেকে অভিনয় করতে চলেছেন দুজন। নামও ঠিক হয়ে গেছে, ‘তড়প’। এ ছবি দিয়েই বলিউডে অভিষেক হতে চলেছে সুনীলের ছেলের। সে যা-ই হোক, পর্দার রোমান্সের আগেই বাস্তবের রোমান্সের গুঞ্জনে শিরোনাম হলেন তারা-আহান।

মাত্র কয়েক দিন আগেই এক সাক্ষাৎকারে সুনীলপুত্র আহান শেঠির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছিলেন সুকণ্ঠী তারা সুতারিয়া। বলেন, ‘আমাদের সবেমাত্র আলাপ হয়েছে। ও খুব ভালো। যদিও একটু চুপচাপ, তবে সত্যিই প্রতিভাবান। আমরা একসঙ্গে কয়েকটি দৃশ্যের শুটও করেছি। আমাদের রসায়ন বেশ ভালো।’

ক্যামেরার সামনের সেই রসায়ন বাস্তবেও প্রতিফলিত হচ্ছে, এমনটাই তো বলছেন রটনাকারীরা‍!

এর আগে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল, আদর জৈনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তারা সুতারিয়া। মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় দুজনকে দেখাও গিয়েছিল।

যা হোক, তারা সুতারিয়া অবশ্য প্রেম নিয়ে এখনো টুঁ শব্দটি করেননি। ভক্তরা অপেক্ষায়, নিজ মুখে একটা কিছু তো বলুন!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button